ক্রীড়া প্রতিবেদক
চলতি মৌসুমের শুরুতে দেশের ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো বাফুফের এলিট একাডেমি থেকে নিলামে খেলোয়াড় কিনেছিল প্রিমিয়ার লিগের দলগুলো। সেখান থেকে বেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছিল দেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। এরই মধ্যে মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের মতো গুরুত্বপূর্ণ আসর খেলেছে দলটি। কিন্তু বাফুফের নিলামে কেনা খেলোয়াড়দের এখনো মাঠে নামাতেই পারেনি ব্রার্দাস। উল্টো খেলোয়াড়দের এখনো ক্যাম্পেই তুলতে পারেনি দেশের ঐতিহ্যবাহী দলটি।
অন্যদিকে বাফুফের এলিট একাডেমির নিলাম থেকে মিডফিল্ডার চন্দন রায়কে কিনেছিল শেখ রাসেল। স্বাধীনতা কাপে শেখ রাসেলের জার্সিতে মাঠেও নেমেছিলেন এই তরুণ। দুই ম্যাচ খেলে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার নজরে পড়ে যান তিনি। তাতে চন্দের ঠাঁই হয় জাতীয় দলের ক্যাম্পেও।
অন্যদিকে নিলামে তোলা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৩ লাখ ২৫ হাজার টাকায় গোলরক্ষক মোহাম্মদ আসিফকে কিনে নেয় বসুন্ধরা কিংস। প্রথম উপার্জনের টাকাটা আসিফ মা-বাবার হাতে তুলে দিতে চাইলেও তারা খুশিমনে ছেলেকেই আবার তা ফিরিয়ে দিয়েছেন। নিলামে তোলা দশ ফুটবলারের মধ্যে চার ফুটবলারের গল্পটা মোটামুটি একই। কিন্তু ব্রাদার্স ইউনিয়নে খেলা ছয় ফুটবলারের গল্প রয়েছে ভিন্ন। অভিযোগ রয়েছে তাদের প্রাপ্য অর্থও বুঝিয়ে দেয়নি ব্রাদার্স।
স্বাধীনতা কাপ শুরুর কয়েক দিন আগে এই খেলোয়াড়দের ডেকে পাঠিয়েছিল ব্রাদার্স। কিন্তু বাফুফে সাফ জানিয়ে দেয়, খেলোয়াড়দের অর্থ পরিশোধ করা না হলে তারা ক্লাবে যাবে না। ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেছেন, ‘বাফুফের একজন এক্সিকিউটিভ এমনটা বলেছে শুনে আমি মানিক (ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া) ভাইয়ের সঙ্গে কথা বলি। উনি কিন্তু আমাকে এমনটা বলেননি। আমি বলেছিলাম, খেলোয়াড়রা ক্লাবে অনুশীলনে যোগ দিলে পরে আমরা তাদের টাকাটা তাদের হাতে তুলে দেব। মানিক ভাই তাতে আপত্তি করেননি। কিন্তু পরে আর খুব বেশি সময় না থাকায় আমরা এই খেলোয়াড়দের নিইনি। তবে লিগের ক্যাম্পে তাদের তুলব।’
লিগের সেই ক্যাম্প ব্রাদার্স এর মধ্যে শুরুও করে দিয়েছে। কিন্তু একাডেমির খেলোয়াড়রা এখনো আছেন কমলাপুর স্টেডিয়ামে, তাদের একাডেমিতেই। এরই মধ্যে আতাউর রহমান বলেছেন, ‘এখানে আমার ব্যক্তিগত মতামতের কিছু নেই, বিষয়টি বাফুফেই দেখবে।’
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্পষ্ট করে বলেছেন, ‘খেলোয়াড়দের টাকাটা ব্রাদার্সকে আমাদের হাতেই দিতে হবে, আমরা তাদের দেব। কারণ আমরা এই খেলোয়াড়দের কাছে দায়বদ্ধ। বাফুফের অংশটা নিয়ে এরপর ব্রাদার্স কোনো আলোচনা করতে চাইলে করতে পারে।’











































