স্টাফ রিপোর্টার।।
সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের ২৯ প্রার্থীর মধ্যে অর্ধেকের বেশি, অর্থাৎ ১৫ জনই ব্যবসায়ী। আইন পেশায় আছেন চারজন, ঠিকাদার তিনজন। এদের মধ্যে ১০ জন স্নাতকোত্তর ও সাতজন স্নাতক উত্তীর্ণ। অর্থাৎ স্নাতক উত্তীর্ণ প্রার্থী প্রায় ৫৮ শতাংশ।
বাকি ১২ জনের মধ্যে এইচএসসি উত্তীর্ণ রয়েছেন পাঁচজন ও এসএসসি উত্তীর্ণ তিনজন। চারজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীর হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, এসএসসির নিচে শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচনে লড়ছেন খুলনা-২ আসনে জাকের পার্টির ফরিদা পারভীন ষষ্ঠ শ্রেণি, খুলনা-৪ আসনে জাকের পার্টির শেখ আনসার আলী অষ্টম শ্রেণি, খুলনা-৪ আসনে জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও খুলনা-৫ আসনে জাকের পার্টির সামাদ শেখ স্বশিক্ষিত।
প্রার্থীদের মধ্যে খুলনা-৩ আসনে আওয়ামী লীগের এস এম কামাল হোসেন, খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান মোড়ল, খুলনা-১ আসনে তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক, খুলনা-২ আসনে জাতীয় পার্টির মো. গাউসুল আজম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায় ও স্বতন্ত্র মো. সাঈদুর রহমান, খুলনা-৫ আসনে ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার, খুলনা-৬ আসনে বিএনএমের এস এম নেওয়াজ মোরশেদ, খুলনা-৪ আসনে বিএনএমের এস এম আজমল হোসেন স্নাতকোত্তর পাস।
স্নাতক উত্তীর্ণরা হলেন খুলনা-১ আসনে আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল ও জাতীয় পার্টির কাজী হাসানুর রশিদ, খুলনা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার, খুলনা-৩ আসনে জাকের পার্টির এস এম সাব্বির, খুলনা-৪ আসনে স্বতন্ত্র এম ডি এহসানুল হক, খুলনা-৬ আসনে বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম ও জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন।
প্রার্থীদের মধ্যে পাঁচজন এইচএসসি উত্তীর্ণ। তারা হলেন খুলনা-২ আসনে আওয়ামী লীগের শেখ সালাহ উদ্দিন জুয়েল ও একই আসনে বিএনএমের মো. আবদুল্লাহ আল আমিন, খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আবদুস সালাম মুর্শেদী, খুলনা-৬ আসনে তৃণমূল বিএনপির গাজী নাদির উদ্দিন খান ও একই আসনে এনপিপির মো. আবু সুফিয়ান।
এ ছাড়া খুলনা-২ আসনে গণতন্ত্রী পার্টির মো. মতিয়ার রহমান, খুলনা-৩ আসনে জাতীয় পার্টির মো. আবদুল্লাহ আল মামুন ও খুলনা-৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান এসএসসি উত্তীর্ণ।









































