মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলার বকুলতলা এলাকার ২০বিঘা জমির একটি ঘেরের মাছ লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে একই এলাকার মোঃ ফরিদ শেখ ও একেন আলী শেখসহ ১০/১২জন মিলে মোঃ কামরুল ইসলাম হাওলাদারের ঘেরের গৈঘরের (ছোট বাসা/ঘর) বাঁধ কেটে দিয়ে পানি সরিয়ে জাল টেনে মাছ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও অজ্ঞাত কারণে কেউকে আটক ও লুট করা মাছ জব্দ করেননি।
ভুক্তভোগী ঘের মালিক মোঃ কামরুল ইসলাম হাওলাদার জানান, তিনি মোংলার সোনাইলতলা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় ২০বিঘা জমিতে বিগত ১৫বছর ধরে মাছ চাষ করে আসছেন। কিন্তু সম্প্রতি ওই ঘেরের উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় বাসিন্দা মোঃ ফরিদ শেখ (৪৫) ও একেন আলী শেখ গংয়ের। এ গং তার ঘের জবর দখলের জন্য গত সোমবার দুপুরে ওই ঘেরের বাঁধ কেটে দেয় এবং মাছ ধরে নেয়ার চেষ্টা চালায়। ঘটনার সাথো সাথেই এই ফরিদ-একেনসহ তাদের মোট ১০/১২জনের বিরুদ্ধে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনার দিন রাতে ঘটনাস্থলে গিয়ে ঘেরের বাঁধ আটকে দিতে এবং মাছ না ধরার জন্য ফরিদ-একেন গংকে নিষেধসহ সতর্ক করেন। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার ভোরে ফরিদ-একেন গং তাদের লোকজন নিয়ে কামরুলের ঘেরের গৈঘরের বাঁধ কেটে পানি সরিয়ে/নামিয়ে জাল টেনে মাছ লুটে নিতে থাকে। এ সময় পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। পুলিশের উপস্থিতির মধ্যেই ফরিদ-একেন গং মাছ ধরে নিয়ে যায়। তবে রহস্যজনক কারণে ওই সময় পুলিশ তাদের কেউকে আটক ও লুটের মাছ জব্দ করেননি বলে অভিযোগ করেছেন ঘের মালিক কামরুল। ঘের মালিক কামরুল বলেন, বাঁধ কাটা ও মাছ লুট করে নেয়ায় তার প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, পুলিশকে জানিয়ে ও অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছেনা।
এ ঘটনায় ফরিদ শেখ বলেন, ঘেরটি আমাদের, তাই আমরাই মাছ মেরে নিয়েছি। তিনি আরো বলেন, কামরুল জোর করে ১০বছর ধরে আমাদের এ ঘেরটি ভোগ দখল করে আসছে।
চটেরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, ঘের মালিক কামরুলের অভিযোগের প্রেক্ষিতে ঘেরের কাটা বাঁধ আটকে দিয়ে মাছ না ধরে নেয়ার জন্য ফরিদ গংকে সতর্ক করা হয়েছিলো। কিন্ত বৃহস্পতিবার সকালে ফরিদ গং মাছ ধরে নিয়েছে বলে আমার কাছে স্বীকার করেছেন। আমি ছুটিতে থাকায় এএসআাই মেহেদীসহ অপর পুলিশ সদস্য পাঠিয়ে পরিবেশ-পরিস্থিতি শান্ত রেখেছি। এ ঘটনার পরবর্তী বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই দেখছেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, এ বিষয়ে আমি কোন কমেন্ট করবোনা।











































