Home আঞ্চলিক লঘুচাপের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলে বৃষ্টি-বাতাস, বাড়ছে শীতের প্রকোপ, শীত কাপড়ের দোকানে...

লঘুচাপের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলে বৃষ্টি-বাতাস, বাড়ছে শীতের প্রকোপ, শীত কাপড়ের দোকানে ভীড়

52

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলে থেমে থেমে গুড়ি গুড়ি, হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় মিগজাউম ও লঘুচাপের ফলে সোমবার ভোর থেকে এ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে আকাশে সূর্যের দেখা নেই। তবে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি ও বাতাসে এ উপকূলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ভোর থেকে থেমে থেমে হওয়ায় বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ঘূর্ণিঝড় মিগজাউম ও লঘুচাপের প্রভাবে গত তিনদিন ধরে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় এক ধরণের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি তেমন একটা না থাকলেও রয়েছে বাতাস। দিনের বৃষ্টি ও রাতের বাতাসে এখানে বেড়েছে শীত। শীতে জুবুথুবু অবস্থার সৃষ্টি হয়েছে সব বয়সের মানুষের মাঝে।

বৈরী আবহাওয়ায় হঠাৎ করে শীতের প্রকোপ বাড়ায় ভিড় বেড়েছে ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে। সন্ধ্যার পর থেকে পৌর শহরের শেখ আঃ হাই সড়ক, কমিশনার শফিউল্লাহ সড়ক, তাজমহল রোড, বাজার রোড ও বাজার মসজিদ রোডের ফুটপাতের দোকানে লোকজনের ভিড় জমেছে। শিশু, নারী ও পুরুষ যে যার মত করে পছন্দের কাপড় কিনছেন শীতের উঞ্চতা পেতে।

শীত কাপড় ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ সুমন বলেন, গত কয়েকদিন ধরে আকাশ মেঘলা থাকায় ঠান্ডা ঠান্ডা ভাব হওয়াতে শীত কাপড় বিক্রি হচ্ছে। তবে বৃহস্পতিবার বৃষ্টির পর থেকে শীত আরো বেশি বাড়ায় জ্যাকেট, সোয়েটার, কম্বলসহ বিভিন্ন কাপড়ের চাহিদা ও বিক্রি বেড়েছে। যেখানে গত মঙ্গল ও বুধবার দুই দিনে ১০হাজার টাকা বিক্রি হয়নি, সেখানে বৃহস্পতিবার একদিনেই ১০হাজার টাকার বেশি বিক্রি হয়েছে। আগাম শীত মৌসুমের শুরুতেই বেচা বিক্রি ভাল হওয়াতে খুশি এ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবারের বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় কোন ধরণের প্রভাবই পড়েনি মোংলা বন্দরের অবস্থানরত দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজে। বন্দরের সকল ধরণের কর্মকান্ড স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, লঘুচাপের প্রভাবে আপাতত ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তবে বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন এলাকায় ক্ষেত্র বিশেষ কখনও কখনও গুড়ি, হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আগামী রবিবার থেকে শীতের প্রকোপ ব্যাপক বাড়তে শুরু করবে।