স্টাফ রিপোর্টার।।
খুলনায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ও নগর বিএনপি এবং সহযোগী সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই মিছিলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে দুইটার দিকে খুলনা নগরের শেরেবাংলা রোড এলাকায়।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন জানান, বেলা পৌনে দুইটার দিকে খুলনা নগরের শেরেবাংলা রোড এলাকায় জোহরা খাতুন স্কুলের সামনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে আমতলা মোড়ের দিকে এগোতে থাকেন। এ সময় মিছিলের পেছন দিক থেকে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে দুর্বৃত্তরা। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দুর্বৃত্তরা মিছিলের পেছন দিকে যাঁরা ছিলেন, তাঁদের ওপর হামলা করেছেন। তারা খুলনা বিশ^বিদ্যালয়ের একটি গাড়ি ভাঙচুর করেছে। দুর্বৃত্তদের হামলায় ওয়ার্ড বিএনপি নেতা সগীর, তরিকুল ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী এস এম মারুফ, যুবদলের নেতা আল মামুন ও ছাত্রদলের নেতা আব্দুস সালাম আহত হয়েছে। তিনি আরো জানান, দুর্বৃত্তরা এর আগে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ করেছে, গাড়ি পুড়িয়েছে কিন্তু দুঃখের বিষয় সকল ঘটনায় মামলা হচ্ছে বিএনপির নেতা-কর্মীদের নামে।

বিএনপির নিন্দা ও ক্ষোভ: বিএনপির শান্তিপুর্ণ আন্দোলনে দুর্বৃত্তদের হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা ক্ষোভ জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বুধবার প্রদত্ত বিবৃতিতে তারা বলেন, চলমান আন্দোলন শুধু বিএনপির না। সাধারণ মানুষও এই আন্দোলনে সম্পৃক্ত। গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ বিএনপির আন্দোলনে সমর্থন দিয়েছে। নির্বাচনের নামে নাটক সাজিয়ে যারা ক্ষমতায় চিরদিন টিকে থাকতে চাচ্ছেন-তারা অচিরেই আন্দোলনের মুখে পালাতে বাধ্য হবে। নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। বিবৃতিদাতারা আরো বলেন, চোরা গুপ্তা হামলা করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। ভবিষতে এ ধরনের হামলার জবাব রাজপথেই দেয়া হবে।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ত আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।










































