ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে লড়ছে সিঙ্গাপুরের মেয়েরা। যেখানে ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সাবিনা খাতুনের দল। পরে বিরতিতে থেকে ফিরে আরো দুই গোল আদায় করে নিয়েছে স্বাগতিকরা।
সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও সিঙ্গাপুর। ম্যাচটিতে সিঙ্গাপুরের জালে রীতিমতো গোল উৎসব করছে স্বাগতিকরা। এখন পর্যন্ত ৫-০ গোলে এগিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে সফরকারীদের ব্যস্ত রাখে স্বাগতিকরা। সেই ধারাবাহিকতায় ম্যাচের তৃতীয় মিনিটেই দুর্দান্ত সুযোগ তৈরি করেন সাবিনা খাতুন। কিন্তু ভালো সুযোগটি হাতছাড়া করেন তিনি।
তবে লিড নিতে বেশি সময় নেয়নি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন তহুরা খাতুন। ফ্রি কিকে সাবিনার বলটি হেডে সিঙ্গাপুরের জাল খুঁজে নেন তহুরা খাতুন। এর মিনিট দুয়েক পরই দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা।
দুই গোলে এগিয়ে থেকেও কাউন্টার অ্যাটাক বজায় রাখেন সাবিনারা। এর ফলাফলও হাতেনাতে পেয়ে যায় তারা। ম্যাচের ২৫তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তহুরা খাতুন।
প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
বিরতিতে থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের ৫৭ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ মিস করেন তহুরা। সিঙ্গাপুরের গোলরক্ষকের গায়ে লেগে বলটি যায় সানজিদার পায়ে। সেই সুযোগে বাম পায়ের জোড়ালো শটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি।
৬২তম মিনিটে বাঁ-পায়ের দ্রুত গতির শটে সিঙ্গাপুরের গোলরক্ষককে বোকা বানিয়ে ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ঋতুপর্ণা। এতে ৫-০ এগিয়ে যায় স্বাগতিকরা।









































