Home খেলাধুলা বোর্ডের আদেশে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন যে ক্রিকেটার

বোর্ডের আদেশে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন যে ক্রিকেটার

41

স্পোর্টস ডেস্ক

চোটের কারণে গত বছর আইপিএলে বেশি ম্যাচ খেলতে পারেননি জোফরা আর্চার। এবার তাকে আর ধরে রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামে অবশ্য তার নাম ছিল। তবে বোর্ডের চাপে নিলাম থেকে নাম তুলে নিয়েছেন তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্দেশেই এই কাজ করেছেন আর্চার। কয়েক মাস পরে টি-২০ বিশ্বকাপ। সেই কারণে আর্চারকে আইপিএল না খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই নির্দেশ মেনেছেন এ পেসার।

২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকলেও খেলতে পারেননি আর্চার। তখনও চোট সারেনি তার। ২০২৩ সালে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন। দেখে বোঝা যাচ্ছিল, কনুইয়ের চোট সারিয়ে পুরো সুস্থ হতে পারেননি এই ডান হাতি পেসার।

চলতি বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসাবে ছিলেন আর্চার। কিন্তু মুম্বাইয়ে অনুশীলনের সময় আবার কনুইয়ে ব্যথা হয় তার। ফলে দেশে ফিরে যান আর্চার।

তারপরেই ২০২৫ সাল পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের চুক্তিতে সই করেন আর্চার। তাকে বোর্ড নির্দেশ দিয়েছে, এই পরিস্থিতিতে যেন কোনোভাবেই আইপিএলে তিনি না খেলেন।

আর্চার কীভাবে সুস্থ হয়ে উঠবেন আপাতত সেই পরিকল্পনাতে ব্যস্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০১৯ সালে তাদের ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন আর্চার। তাই তাকে হারাতে চাইছে না ইংল্যান্ড বোর্ড।

সবমিলিয়ে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আগে আর্চারকে সুস্থ করে তোলার কাজেই ব্যস্ত তারা।