সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ৪টি আসনের চারটিতেই স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামী লীগের প্রার্থীরা। আসনগুলো হলো, সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি সরদার মুজিব। তিনি কলারোয়া উপজেলার বাসিন্দা।
সরদার মুজিব জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে নিষেধ করেননি। তাই সাতক্ষীরা-১ আসনে তিনি প্রার্থী হচ্ছেন।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে মনোনয়ন পেয়েছেন সদর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এ আসনের দু’বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবার মনোনয়ন পাননি। তাই তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।
মীর মোস্তাক আহমেদ রবি বলেন, মঙ্গলবার আমি সাতক্ষীরায় যাবো। কর্মীরা যেহেতু চাচ্ছে, আমি নির্বাচন করি, তাই তাদের কথামতো আমি নির্বাচন করতে ইচ্ছুক।
সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ নিয়ে গঠিত এই আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের একাংশ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। একাদশ এই আসনের বর্তমান এমপি এস এম জগলুল হায়দার এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেননা বলে জানা গেছে। এখানে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি।
সাঈদ মেহেদি বলেন,যেহেতু কেন্দ্র থেকে আসনগুলো উন্মুক্ত ঘোষণা করা হয়েছে,তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করবো।











































