ঢাকা অফিস।।
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি জামাতের ডাকা অবরোধ ধারাবাহিকভাবে অব্যাহত আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাজীপুরে দুইটি, বাগেরহাটে একটি ও সিরাজগঞ্জে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তিনটি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মাধ্যমে মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ঐদিন থেকে কয়েক দফায় বিএনপি ও এর সমমনা দলগুলো বিরতি দিয়ে কয়েক দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দেয় দলটি। ৮ম দফায় আজ বুধবার অবরোধ চলার পর আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি রয়েছে তাদের।











































