Home আঞ্চলিক মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে এমপির শোভাযাত্রায় শিক্ষকরা

মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে এমপির শোভাযাত্রায় শিক্ষকরা

11

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুরে বোর্ড পরীক্ষা বন্ধ রেখে স্থানীয় এমপির নির্বাচনি শোভাযাত্রা ও মোটরসাইকেল বহরে যোগ দিয়েছেন পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ওরফে মাহবুব মাস্টারের নেতৃত্বে তারা এ শোভাযাত্রায় অংশ নেন।

পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার ৬ষ্ঠ শ্রেণির গণিত ও ৭ম শ্রেণির বিজ্ঞান বোর্ড পরীক্ষা ছিল। কিন্তু শিক্ষকরা এ পরীক্ষা বন্ধ করে দেন। তারা ঢাকা থেকে আসা কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি ও আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহের নির্বাচনি শোভাযাত্রায় যোগ দেন।

শোভাযাত্রা চলাকালে শিক্ষকরা ভেড়ামারা লালন শাহ্ সেতু প্রান্তে যোগ দেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একইভাবে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পিএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নানের নেতৃত্বে কলেজের সব শিক্ষক ছুটি ঘোষণা করে এমপির নির্বাচনি শোভাযাত্রায় অংশ নেন। পিএম কলেজের সহকারী অধ্যাপক মো. সফিউল ইসলাম কলেজ ছুটি ঘোষণা করে কলেজের সব শিক্ষক এমপির নির্বাচনি শোভাযাত্রায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বোর্ড পরীক্ষা বন্ধ করে এমপির নির্বাচনি শোভাযাত্রায় অংশ নেওয়ার বিষয়ে জানতে পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলামকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, স্কুল চলাকালীন বোর্ড পরীক্ষা বন্ধ রাখার সুযোগ নেই।