স্পোর্টস ডেস্ক।।
লা লিগায় বড় দলগুলোকে পিছনে ফেলে এবার শুরু থেকেই বিস্ময়করভাবে নিজেদের এগিয়ে নিয়ে গেছে জিরোনা। ১৪ ম্যাচের ১১টিতে জিতে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট এখন সমান ৩৫।
সোমবার অ্যাথলেটিক বিলবাওকে হারাতে পারলে আবারো শীর্ষে ফিরতে পারতো জিরোনা। কিন্তু প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছে। তাই গোল ব্যবধানে রিয়ালের থেকে পিছিয়ে দ্বিতীয় স্থান নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে।
উইঙ্গার ভিক্টর টিসিগানকভ বিরতির পর ১০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ইনাকি উইলিয়ামসের ৬৭ মিনিটের গোলে সমতায় ফেরে অ্যাথলেটিক। এ নিয়ে এবারের মৌসুমে তৃতীয় ম্যাচে পয়েন্ট হারালো জিরোনা।
অন্যদিকে এক পয়েন্ট পেয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে অ্যাথলেটিক। প্রথমার্ধে অ্যাথলেটিকই ভাল খেলেছে। এই অর্ধেই এগিয়ে যাবার সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন গোরকা গুরুজেতা।
কিন্তু স্প্যানিশ এই স্ট্রাইকারের শট সরাসরি জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগার হাতে ধরা পড়ে। অ্যালেক্স গার্সিয়ার ভলি ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে না গেলে তখনই হয়তো এগিয়ে যেতে পারতো জিরোনা।
তবে ছন্দহীন গার্সিয়া আবারো বাজে একটি মিস করে আগের কয়েকটি ম্যাচের মত নিজের ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। বিরতির পর টিসিগানকভের গোলে ডেডলক ভাঙ্গে জিরোনা।
সহোদর নিকোর বিপরীত উইংয়ে খেলা ইনাকি উইলিয়ামস কাউন্টার অ্যাটাক থেকে মৌসুমে নিজের ষষ্ঠ গোল করে অ্যাথলেটিককে সমতায় ফেরান। ম্যাচ শেষের ১০ মিনিট আগে ইনাকি উইলিয়ামসের জোড়ালো শট সহজেই রুখে দেন গাজ্জানিগা।











































