স্পোর্টস ডেস্ক
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে ভরাডুবি হয়েছে শ্রীলংকার। এরপর থেকে সমালোচিত হচ্ছে দলটি। তবে হতাশাজনক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ চলাকালীনই শ্রীলংকা ক্রিকেট বোর্ড ভেঙে দেয় দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। আর তাতেই এবার কপাল পুড়ল দেশটির ক্রীড়ামন্ত্রীর।
মূলত বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর দুর্নীতির অভিযোগ এনে শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) ওপর হস্তক্ষেপ করে দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। সেই ঘটনাই ঘটে লংকার কাণ্ড। আইসিসি থেকে নিষেধাজ্ঞার কবলে পড়ে লংকান ক্রিকেট বোর্ডও। শেষ পর্যন্ত বোর্ডের ওপর হস্তক্ষেপের কারণে রোশান রানাসিংহেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
দুর্নীতিমুক্ত অভিযান চালানোর কারণে প্রেসিডেন্ট তাকে হত্যার চেষ্টা করছেন, এমন অভিযোগ তোলার পর বরখাস্ত করা হলো রানাসিংহেকে। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে রানাসিংহেকে এ–সংক্রান্ত চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। পরে সেটি নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপিও।
এর আগে আজ রানাসিংহে বলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচ্ছন্ন করার কাজের জন্য আমাকে হত্যা করা হতে পারে, এমন আশঙ্কা করছি। যদি রাস্তায় আমাকে হত্যা করা হয়, তাহলে প্রেসিডেন্ট এবং তার চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’











































