Home আঞ্চলিক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, প্রাক্তন স্ত্রীসহ দুজন পুলিশ হেফাজতে

ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, প্রাক্তন স্ত্রীসহ দুজন পুলিশ হেফাজতে

12

 

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় বিষক্রিয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ নভেম্বর) রাতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাক্তন স্ত্রীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪৫)। তিনি কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত সুরাত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সদর হাসপাতালের ডিউটি অফিসারের মাধ্যমে পুলিশ জানতে পারে বিষক্রিয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রাত থেকে মৃত ব্যক্তির লাশ গ্রহণে কেউ আসছে না। বিষয়টি জানার পর তদন্তে নামে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মৃতের পকেট থেকে কাবিননামা পাওয়ার পর তার পরিচয় নিশ্চিত করা যায়। রাতে মৃতের ভাইরা ভাই ও ভোরে প্রাক্তন স্ত্রী ইয়াসমিনকে সদর থানায় নেয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা. ওয়াহেদুজ্জামান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবস্থিত হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার রাতে রবিউল নামের এক রোগীকে নিয়ে আসে তার মুখে সাদা সাদা ফেনা ছিল। তাকে ইসিজি পরীক্ষার মাধ্যমে চেক করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। বিষক্রিয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার বলেন, রাতে একজন ব্যক্তি বুকে ব্যথার কথা বললে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু লোকটির আচরণ রহস্যজনক ছিল। ওই রোগীকে ডা. শরিফুল ইসলাম সোহেল দেখে বলেন অবস্থা আশংকাজনক। তখন রবিউলকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

 

এদিকে ওই ব্যবসায়ীর লাশ সকাল থেকে কেউ নিতে আসেনি। সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক সহায়ক সিনিয়র ব্রাদার ওয়াহেদ।