ঢাকা অফিস
আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে সর্বাত্মক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা, তা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের ব্যাপারে আমাদের কিছু করার নাই। রোববার (১৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ইসি আলমগীর বলেন, পুলিশ প্রশাসনে অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।
ভোটের পরিবেশ নেই- কয়েকটি দলের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, চিরকাল সরকারি দল বিরোধী দলের ওপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারি দলের ওপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।











































