স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব হিসেবে খ্যাত মাশরাফি বিন মোর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এদের মধ্যে দীর্ঘদিন ধরেই খেলছেন না মাশরাফি। নানা নাটকীয়তায় চলমান বিশ্বকাপে নেই তামিম ইকবালও। তবে খেলেছেন অপর তিনজন, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ।
সাকিব ও মুশফিকের যে বয়স, তাতে এবারই যে তাদের শেষ বিশ্বকাপ সেটি একপ্রকার বলাই যায়। কয়েকদিন আগে সাকিব তো এক সাক্ষাৎকারে বলেই দিয়েছিলেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসরের চিন্তা তার। অন্যদিকে গুঞ্জন রয়েছে, ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ এই বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিবেন।
তবে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাদের অবসরের দিনক্ষণ বলতে রাজি নন। দেশের এই তিন নক্ষত্রের ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘এটাই কি এই তিনজনের শেষ বিশ্বকাপ?’ কোচ হাথুরু এর উত্তর দিয়েছেন বেশ কৌশলে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি জানি না, তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কি না। আমি তাদের শেষ বিশ্বকাপ নিয়ে মন্তব্য করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কী, তারা এখনো খুব ফিট আছে। তারা পারফর্মও করছে। তবে যার যার সিদ্ধান্ত সে সে নেবে…বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তারা সেরা। তারা যদি অবসরের সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটে ব্যাটন পরিবর্তনের মতো ব্যাপার হবে।’











































