খুলনাঞ্চল রিপোর্ট।।
স্বাধীনতা পরবর্তী সময় থেকেই রেলপথ চালুর দাবি ছিল পর্যটন নগরী কক্সবাজারবাসী। অবশেষে পূরণ হচ্ছে সেই দাবি। স্বাধীনতার ৫২ বছর পর শনিবার চালু হচ্ছে ঢাকা-কক্সবাজার ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে কক্সবাজার। শুধু তাই নয়, রেল যোগাযোগের অংশ হিসেবে কক্সবাজারে নির্মাণ করা হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন ও আইকনিক রেলস্টেশন। পর্যটনের নতুন আকর্ষণ এই রেলস্টেশন হার মানিয়েছে অত্যাধুনিক ও বিশ্বমানের বিমানবন্দরকেও।
শনিবার (১১ নভেম্বর) চট্টগ্রাম থেকে কক্সবাজারে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত চলাচল করবে যাত্রীবাহী ট্রেন। আন্তনগর ট্রেনের পাশাপাশি এ রুটে কমিউটার ও মেইল ট্রেনও চালাবে রেলওয়ে। এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে এ রুটের স্টেশন, দূরত্ব ও ভাড়া।
কক্সবাজারবাসীর চোখে-মুখে উচ্ছ্বাস
সরেজমিন দেখা গেছে, ট্রেন চলাচল উদ্বোধনকে ঘিরে কক্সবাজার সরকারি কলেজের পাশে নবনির্মিত আইকনিক রেলস্টেশন এলাকায় চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। আর সকাল থেকে রাত পর্যন্ত মুগ্ধ চোখে সেসব কার্যক্রম দেখছে কক্সবাজারবাসী। সবার চোখে-মুখে স্বপ্ন পূরণের উচ্ছ্বাস।
রেলস্টেশন এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, ব্রিটিশ আমলের পর কোনো সরকার কক্সবাজারে রেল যোগাযোগ চালুর উদ্যোগ নেয়নি। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে কক্সবাজারবাসীর ৫০ বছরের দাবি পূরণ হতে যাচ্ছে। এটা আমাদের কাছে স্বপ্নের মতোই। কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ নিঃসন্দেহে পর্যটনসহ দেশের সার্বিক উন্নয়নে বড় অবদান রাখবে।
রামু উপজেলার বাসিন্দা আবদুল মালেক বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার কক্সবাজারের উন্নয়নে কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারবাসীকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, বিমানবন্দর, রেলস্টেশনসহ লক্ষ কোটি টাকার মেগাপ্রকল্প উপহার দিয়েছেন।
পর্যটকদের জন্য সোনায় সোহাগা আইকনিক রেলস্টেশন
সরাসরি রেল যোগাযোগের মাধ্যমে কক্সবাজারের স্থানীয়রা যেমন উপকৃত হবে। তেমনি লাভবান হবেন পর্যটকরা। ঝিনুক আকৃতির এ আইকনিক রেলস্টেশন হবে পর্যটকদের জন্য সোনায় সোহাগা।
রেলওয়ে সূত্রমতে, ঢাকা থেকে ট্রেন ছাড়বে রাতে। সেটি কক্সবাজার পৌঁছাবে খুব সকালে। আবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে একইদিন দুপুরে। ঢাকায় পৌঁছাবে রাতে।
কক্সবাজারে অধিকাংশ পর্যটকই আসেন একদিনের জন্য। তারা যেন কক্সবাজারে এসে সারাদিন ঘুরে আবার রাতে ফিরে যেতে পারেন, রেলস্টেশনে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আইকনিক এ রেলস্টেশনে রয়েছে লকার সুবিধা। সেখানে লাগেজ রেখে সারাদিন সমুদ্র সৈকত বা আশপাশে ঘুরে আবার রাতের ট্রেনে বাড়ি ফিরে যেতে পারবেন তারা। এতে পর্যটন মৌসুমে হোটেল-মোটেল রিসোর্টগুলোর ওপর থেকেও চাপ কমবে।
লকার সিস্টেম ছাড়াও কক্সবাজার রেলস্টেশন ভবনে থাকছে- আধুনিক ট্রাফিক সুবিধা, টিকিট কাউন্টার, অভ্যর্থনা, শপিংমল ও রেস্তোরাঁ। আরো থাকছে তারকা মানের হোটেলের সুবিধায় অর্ধশতাধিক রুম, কেনাকাটার ব্যবস্থাসহ থাকছে হলরুম। ৫০০টি লকার ব্যবস্থার সঙ্গে স্টেশন ভবনে থাকছে আধুনিক বাথরুমও। রাখা হয়েছে মসজিদ, শিশু যত্ন কেন্দ্র ও চলন্ত সিঁড়ি। থাকছে সাধারণ ও ভিআইপিদের জন্য ভিন্ন ভিন্ন ড্রপ এরিয়া, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং থ্রি হুইলারের জন্য আলাদা পার্কিং এরিয়া। এটিএম বুথ, পোস্ট অফিস, ট্যুরিস্ট ইনফরমেশন বুথ ছাড়াও থাকবে নিত্যপ্রয়োজনীয় সেবাকেন্দ্র। ২৯ একর জায়গাজুড়ে নির্মিত স্টেশন ভবনটি এ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্থানে রূপ পেয়েছে।
ঢাকা-কক্সবাজার সর্বনিম্ন ১৮৮ টাকা, সর্বোচ্চ ভাড়া ১৭২৫ টাকা
রেলওয়ে সূত্র জানিয়েছে, চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের প্রকৃত দূরত্ব ১৫০ দশমিক ৮৭ কিলোমিটার। তবে রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর জন্য অতিরিক্ত ভাড়া ও দূরত্ব (পয়েন্ট চার্জ) নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাতটি সেতুর জন্য বাড়তি ৫৪ কিলোমিটারের ভাড়া আরোপ করা হয়েছে।
বাড়তি পয়েন্ট চার্জ যুক্ত করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে বাণিজ্যিক দূরত্ব ২০৫ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করা হবে। এরসঙ্গে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ৩২১ কিলোমিটারের বাণিজ্যিক দূরত্ব বিবেচনায় ঢাকা-কক্সবাজার পর্যন্ত ভাড়া পুনর্নির্ধারণ হবে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের সর্বমোট ৫৫১ কিলোমিটার বাণিজ্যিক দূরত্ব ধরে ভাড়া নির্ধারণ করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ পথে নন-এসি অর্থাৎ শোভন চেয়ারে ৫০০ টাকা ও এসি সিটে ৯৫০ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। এসি সিটে ১৫ শতাংশ ভ্যাটসহ ভাড়া হবে ১ হাজার ১০০ টাকা। ভ্যাটসহ এসি কেবিনে ১ হাজার ২০০ ও এসি বার্থে ভাড়া পড়বে ১ হাজার ৭২৫ টাকা।
রেলসচিব হুমায়ুন কবির বলেন, ১ ডিসেম্বর থেকেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করতে পারব। আর সেই ট্রেনে সর্বনিম্ন ভাড়া যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে ১৮৮ টাকা। আর এটি নন-এসি মেইল ট্রেন। সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা। বর্তমানে রেলের যে ভাড়ার হার আছে সেই অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
চলছে শেষ মুহূর্তের তোড়জোড়
দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেললাইন ও আইকনিক রেলস্টেশন একসঙ্গে উদ্বোধন করবেন। এরই মধ্যে আমাদের সব কাজ শেষ। উদ্বোধনের আগে চলছে সার্বিক তদারকি ও সাজসজ্জা।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে যা দিয়েছেন, অতীতে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ ও আইকনিক রেলস্টেশন আমাদের অর্ধশত বছরের স্বপ্নপূরণের পাশাপাশি পর্যটনকেও সমৃদ্ধ করবে।











































