খেলা ডেস্ক।।
আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইমড আউট’ ঘটনার অভিষেক হয় বাংলাদেশের ম্যাচে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এই ধরনের আউট করে ইতিহাসের অংশ হন সাকিব আল হাসান। এ নিয়ে ক্রিকেট মহলে নানামুখী আলাপ শুরু হয়ে গেছে। এরই মাঝে ইয়ান বিশপের কাছে দেয়া সাক্ষাৎকারে ম্যাথিউসের আউট নিয়ে প্রক্রিয়া খোলাসা করেন ম্যাচের চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক।
আইসিসির প্রকাশিত ভিডিওতে হোল্ডস্টক বলেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নিয়মাবলী এমসিসির নিয়মের উর্ধে। উইকেট পতন কিংবা ব্যাটারের অবসরের ক্ষেত্রে নতুন আগত ব্যাটারকে বা তার পার্টনারকে দুই মিনিটের মধ্যে বল খেলার মতো অবস্থায় থাকতে হবে। তা না হলে টাইমড আউটের জন্য বিবেচ্য হবেন।’
অবশ্য সমর্থকদের দাবি ম্যাথিউস নির্ধারিত দুই মিনিটের মধ্যেই মাঠে হাজির হয়েছিলেন। হোল্ডস্টক জানান, ‘আমাদের নির্ধারিত প্রটোকল রয়েছে। টিভি আম্পায়ার সময় সংরক্ষণ করেন এবং মাঠে থাকা আম্পায়ারদের জানান। তবে হ্যাঁ, আজ হেলমেটের স্ট্র্যাপ ছিড়ে যাবার আগেই দুই মিনিট অতিবাহিত হয়ে গিয়েছিল।’
তিনি আরো বলেন, ‘নিয়ম অনুযায়ী ফিল্ডিং দলের অধিনায়ককে আউটের জন্য আবেদন করতে হয়। স্ট্র্যাপ ছিড়ে যাওয়ার পরপরই মাঠে থাকা আম্পায়ার ইরাসমুসের কাছে আবেদন করেন অধিনায়ক।’
ম্যাথিউসের সরঞ্জাম বিভ্রাট প্রসঙ্গে ব্যাটসম্যানদের অন্তত ১৫ সেকেন্ড হাতে থাকতেই ক্রিজে পৌঁছে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাওয়ার কথাও বলেন তিনি।











































