স্টাফ রিপোর্টার।।
দেশের কাঁচাপাট রপ্তানিকারকের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনে (বিজেএ) দীর্ঘ সাত বছর পর নতুন নেতৃত্ব আসছে। সোমবার বিজেএর নির্বাচিত অ্যাসোসিয়েট এবং অর্ডিনারি গ্রুপের সদস্যরা সংগঠনটির চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভাইস নির্বাচন করবেন।
২০১৬ সাল থেকে টানা সাত বছর পর্যন্ত বিজেএর চেয়ারম্যানের পদটিতে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আস্থাভাজন এবং দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী।
একাধিক কাঁচাপাট রপ্তানিকারকরা জানান, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিজেএর চেয়ারম্যান পদে এককভাবে আলোচনায় আছেন জয়পুরহাটের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের ছেলে এবং অগ্রণী পাট সংস্থার প্রোপ্রাইটর ফরহাদ আহম্মেদ আকন্দ।
এ ছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানে পদে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জে ব্যবসায়ী তালুকদার ট্রেডিং করপোরেশনের প্রোপ্রাইটর গোপাল চন্দ্র তালুকদার, খুলনার ব্যবসায়ী মেসার্স শেখ কওসার আলীর প্রোপ্রাইটর শেখ কওসার আলী, বাবুল জুটের প্রোপ্রাইটর মো. নুরুল ইসলাম বাবুল, সাত্তার জুট এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আব্দুস সাত্তার, সৌরভ ট্রেডার্সেও মিতা বাগচী প্রমুখ। আজ বেলা ২টায় নারায়ণগঞ্জের বিজেএ অফিসে অ্যাসোসিয়েট গ্রুপের ৬ জন এবং অর্ডিনারি গ্রুপের ১২ জনসহ মোট ১৮ জন নির্বাচিত সদস্য বিজেএর চেয়ারম্যানসহ তিনটি পদে ভোট দিয়ে নির্বাচন করবেন।
গত শনিবার খুলনা ও নারায়ণগঞ্জের বিজেএ ভবনে অ্যাসোসিয়েট গ্রুপের ৪০ জন এবং অর্ডিনারি গ্রুপের ১৭৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে ১৮ জনকে নির্বাচিত করেন। যার মধ্যে ১৬ জন ব্যবসায়ীই খুলনার দৌলতপুরের এবং ২ জন নারায়ণগঞ্জের। প্রচলিত নিয়ম অনুসারে বিজেএর চেয়ারম্যান খুলনা থেকে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নারায়ণগঞ্জ থেকে হয়ে আসছে। সেই অনুযায়ী এবারও কাঁচাপাট রপ্তানিকারকরা প্রচলিত পথেই হাঁটছেন।











































