স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাকন কারাগারে রয়েছেন গত ২৬ অক্টোবর থেকে। কিন্তু গত ২ নভেম্বর আড়ংঘাটা এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় ওই থানায় একটি মামলা হয়। ওই মামলার ৩৬ নম্বর আসামি করা হয়েছে আশফাকুর রহমান কাকনকে। এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আশফাকুর রহমান কাকনের পরিবারের সদস্যরা জানান, গত ২৬ অক্টোবর নগরীর গোবরচাকা এলাকার বাড়ি থেকে পুলিশ বিএনপি নেতা কাকনকে আটক করে। ২০২২ সালের ৪ ডিসেম্বর দায়ের হওয়া একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকে কারাগারে রয়েছেন তিনি।
তারা জানান, গত ২ নভেম্বর রাতে ট্রাকে পেট্রোল বোমা হামলার অভিযোগে নগরীর আড়ংঘাটা থানার এস আই জাকিরুল ফিরোজ বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় খুলনা বিএনপির শীর্ষস্থানীয় প্রায় সব নেতাসহ মোট ৩৭ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে ৩৬ নম্বর আসামি আশফাকুর রহমান কাকন। মামলার এজাহারে বলা হয়, গত ১ নভেম্বর বিকেল ৫টা ১০ মিনিটে আড়ংঘাটা থানার খুলনা বাইপাস সড়কের পূর্বপাশে আকুঞ্জি ভান্ডার নামের গোডাউনের সামনে বিএনপি ও জামায়াত কর্তৃক নাশকতা করতে গ্রেপ্তার ও পলাতক আসামিরা একটি মিছিল বের করে। মিছিল থেকে একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। বিএনপি নেতা কাকনের ছোট ভাই আবদুল আলেম বলেন, গত ২৬ অক্টোবর থেকে আমার ভাই কারাগারে রয়েছে। কিন্তু পেট্রোল বোমা হামলার একটি মামলায় তাকে আসামি করা হয়েছে। জেলে থেকে কীভাবে ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়লো?
এ ব্যাপারে নগরীর আড়ংঘাটা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নাম বলে। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখব।











































