Home খেলাধুলা ৬ ম্যাচে ৪ পজিশনে খেলেছেন ফর্মে থাকা মাহমুদউল্লাহ!

৬ ম্যাচে ৪ পজিশনে খেলেছেন ফর্মে থাকা মাহমুদউল্লাহ!

32

স্পের্টস ডেস্ক।।

চলমান বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের অবস্থা লেজগোবরে। ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম কিংবা নাজমুল হোসেন শান্তরা। বৈশ্বিক এই টুর্নামেন্টে টপ অর্ডারের কেউই উইকেটে থিতু হতে পারছেন না। টাইগার ব্যাটারদের এমন ব্যর্থতার মাঝে এক অনন্য নাম মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে তিনিই একমাত্র ধারাবাহিক ফর্মে রয়েছেন। এখনো পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২৭৪ রান এসেছে তার ব্যাটেই।

কিন্তু রিয়াদকে নিয়ে বিশ্বকাপের আগে ছিল নানা নাটকীয়তা। একেবারে শেষ মুহূর্তে দলের বিশ্বকাপ ভাবনায় এসেছিলেন তিনি। তবে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। ধারাবাহিকভাবে অসাধারণ কয়েকটি ইনিংস খেলার পর মাহমুদউল্লাহকে ব্যাটিং পজিশনের আরও উপরের দিকে নামানোর পরামর্শ দেন দেশ ও বিদেশের ক্রিকেটবোদ্ধারা।

বিগত কয়েকটি ম্যাচে নিচের দিকে খেললেও আজকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ নম্বরে নেমেছেন মাহমুদউল্লাহ। আজকেসহ বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলা মাহমুদউল্লাহ ৪টি ব্যাটিং পজিশনে খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আট নম্বরে নামানো হয়েছিল তাকে। সেখানেও অপরাজিত থেকে ৪১ রান করেছিলেন তিনি। এরপর ভারতের বিপক্ষে সাত নম্বরে নেমেও ছিলেন রানের ধারাবাহিকতায়।

এরপরের ম্যাচগুলোতে ছয় ও সাত নম্বরেই খেলতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। তবে আজ পাকিস্তানের বিপক্ষে তাকে আরও উপরের দিকে খেলানো হয়। বাংলাদেশের যখন ব্যাটিং বিপর্যয় শুরু হয়, তখন মাহমুদউল্লাহকে নামিয়ে দেয়া হয় ৫ নম্বরে। মিডল অর্ডারে নেমেও টাইগারদের বিপদে হাল ধরেন তিনি।

শেষ পর্যন্ত ৭০ বলে ৫৬ রানের লড়াকু ইনিংস খেলে আউট শাহীন আফ্রিদির বলে। ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহকে যে পজিশনে নামানো হোক না কেন, নিজের জাত চিনিয়েছেন তিনি। ভারত বিশ্বকাপে দেশের হয়ে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিটি তিনিই হাঁকান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।