স্পোর্টস ডেস্ক।।
শুরুর ৩ উইকেটে গেছে ২১ রানের মধ্যে আর শেষের ৪ উইকেট ১৯ রানের মধ্যে। শুরু ও শেষের দিকের এই ব্যাটিং ব্যর্থতায় অল্প রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের ২৯ বল বাকি থাকতেই ২০৪ রানে অলআউট হয়েছে সাকিব আল হাসানের দল।
কলকাতার ইডেন গার্ডেনে এদিন টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন সাকিব। তবে শাহীন আফ্রিদির তোপে পড়ে ৬ রানের মধ্যেই ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে উন্নতি পেয়ে এদিন চারে ব্যাট করতে নেমেছিলেন মুশফিকুর রহিম। তবে হাসেনি তার ব্যাটও। চার মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও হারিস রউফের বলে কট বিহাইন্ড হন মি. ডিপেন্ডেবল।
এদিন ব্যাটিং অর্ডারে উন্নতি হয় মাহমুদউল্লাহরও। সাকিবের আগে পাঁচে ব্যাট করতে নামেন তিনি। ব্যাটে নেমেই দৃষ্টিনন্দন সব শট খেলতে থাকেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এই তারকা। লিটনকে সাথে নিয়ে দলকে উদ্ধার করেন চরম বিপদ থেকে। চতুর্থ উইকেট এই জুটির থেকে আসে ৭৯ রান। ১০২ রানের মাথায় ইফতিখার আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। এর পরপরই নিজের হাফসেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। এরপর অধিনায়ক সাকিবকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন তিনি। তবে ১৩০ রানের মাথায় শাহীনের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মাহমুদউল্লাহ।
সাতে নামেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় বলে ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও উসামা মিরের পরের বলেই ক্যাচ দেন হৃদয়। এরপর মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। তাকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন সাকিব। ১৮৫ রানের মাথায় হারিস রউফের বলে টপ এজ হয়ে ফেরেন সাকিব। ৬৪ বলে ৪৩ রান আসে অধিনায়কের ব্যাটে। সাকিবের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। ২০০ রানের মাথায় মিরাজের বিদায়ের পর আর ৪ রান যোগ হতেই শেষ ২ ব্যাটার হিসেবে ফেরেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের হয়ে আগুনে বল করেছেন শাহীন আফ্রিদি। ৯ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৩ উইকেট তার। শুরুতে সুবিধা করতে না পারলেও শেষের দিকে বল হাতে দারুণ সফল মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ৮ ওভার ১ বলে মাত্র ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া হারিস রউফ ২টি, উসামা মীর ও ইফতিখার আহমেদ একটি করে উইকেট নেন।











































