Home খেলাধুলা ‘অপ্রতিদ্বন্দ্বী’ সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক

‘অপ্রতিদ্বন্দ্বী’ সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক

49

স্পোর্টস ডেস্ক

ফিফা জানিয়েছিল, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে এশিয়া অথবা ওশেনিয়ার কোনো দেশে। আয়োজক হওয়ার জন্য শুরুতে এশিয়ার দেশ সৌদি আরবের পাশাপাশি বিড করেছিলওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়াও। কিন্তু চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া তাদের বিড প্রত্যাহার করে নেয়। ফলে, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে আর কোনো বাঁধা রইল না সৌদি আরবের।

এক বিবৃতিতে ফুটবল অস্ট্রেলিয়া (এফএ) বলছে, ‘২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের বিডে আমরা অংশ নিচ্ছি না। এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছি।’ তারা বিড থেকে সরে আসায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সৌদি এখন পেতে যাচ্ছে বিশ্বকাপ আয়োজনের সুযোগ।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছিল। ইউরোপ থেকে জনপ্রিয় খেলোয়াড় কিনে ফুটবলের বাণিজ্য বাজার তৈরি করে দেশটি। কাড়ি কাড়ি অর্থ দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়রের মতো মহাতারকাদের কিনে এনে ফুটবল বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সৌদি আরব। এবার তাদের আসল উদ্দেশ্য সফল হতে যাচ্ছে।

যদিও ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল সৌদি আরব। কিন্তু ফিফা ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে যৌথভাবে মরক্কো, স্পেন ও পর্তুগালকে নির্বাচন করে। এছাড়া বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর আগামী বিশ্বকাপ তথা ২০২৬ সালেও যৌথভাবে আয়োজন করবে তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।