স্পোর্টস ডেস্ক।।
কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্ট সেরা হওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এবার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন। গতকাল সোমবার রাতে প্যারিসে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে এই আর্জেন্টাইনের হাতে সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি’ তুলে দেন তার বাবা।
মার্তিনেস ২০২০ সাল থেকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন। তিনি প্রিমিয়ার লিগের দলটিতে নিয়মিত দারুণ সব সেভ করে প্রশংসা কুড়িয়েছেন। তবে মূলত নিজেকে নতুন করে চেনান কাতারে। আর্জেন্টিনার পোস্টে পুরো টুর্নামেন্টেই তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের অসাধারণ কয়েকটি সেভ ও টাইব্রেকারে বীরত্ব।
এদিকে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন জুড বেলিংহাম। ক্যারিয়ারের শুরু থেকে অবিশ্বাস্য ধারাবাহিকতায় এগিয়ে চলার পথে রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা এবার স্বীকৃতি পেলেন।
দীর্ঘদিন ধরে ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন্নোয়নে কাজ করছে ভিনিসিউস জুনিয়রের ফাউন্ডেশন। এজন্য রেয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড পেয়েছেন সক্রেটিস অ্যাওয়ার্ড।











































