স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের বিপক্ষে হেরে চলমান বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলা বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল আফগানিস্তানের বিপক্ষে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং; সব বিভাগেই টাইগারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এসব ব্যর্থতার কোনো উত্তর নেই সাকিবের কাছেও।
ম্যাচের পর সাকিব বলেন, ‘আমাদের ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হবে। আমি শুরুর দিকে ব্যাটিং করেছি কিন্তু রান পাইনি। আমার আত্মবিশ্বাসও কম ছিল। এমন মঞ্চে, একসঙ্গে অনেক কিছু পরিবর্তন করা কঠিন। আমরা জিনিসগুলি জোর করে করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে একসঙ্গে পারফর্ম করতে হবে, সেটি হচ্ছে না। আমরা উত্তর খুঁজছি, কিন্তু পাচ্ছি না।’
আজ মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘যথেষ্ট রান হয়নি। উইকেট খুব ভালো ছিল। আমরা শুরুতেই উইকেট হারিয়েছি। আমাদের জুটি হয়েছে কিন্তু তেমন বড় না যে আমরা শেষ ১০ ওভারে মেরে খেলব। আমাদের আরও ভালো বোলিং করা দরকার ছিল। পাকিস্তান প্রথম ১০ ওভারে ভালো (ব্যাটিং) করেছে। তাদেরকেও কৃতিত্ব দিতে হয়।’
সাকিব ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদেরও, ‘আমরা যেখানেই যাই, ভক্তরা মাঠে আসে এবং সবসময় আমাদের সমর্থন করে গেছে। তারাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’











































