স্পোর্টস ডেস্ক
২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফেভারিটের তকমা নিয়ে ২০২৩ আসরে অংশ নিয়েছিল ইংলিশরা। তবে টুর্নামেন্ট শুরুর পর পাল্টে গেছে দৃশ্যপট। ৬ ম্যাচে পাঁচ হারে লীগ পর্ব থেকে বিদায়ের প্রহর গুনতে হচ্ছে থ্রি লায়নদের। দুর্দশাগ্রস্ত ইংল্যান্ডকে নড়বড়ে দাবি করেছেন দলটির সাবেক অধিনায়ক এউইন মরগান। বাটলার-স্টোকসদের ড্রেসিংরুম অস্থিতিশীল বলে সন্দিহান এই সাবেক ক্রিকেটার। তবে মরগানের মন্তব্যের বিরোধিতা করলেন ইংলিশ কোচ ম্যাথু মট। তার ভাষ্য, ৫ হারের পরও ঐক্যবদ্ধ শক্তিশালী ইংল্যান্ড ক্রিকেট দল।
বিশ্বকাপের রাউন্ড রবিন লীগে ৬ ম্যাচ খেলে একটি জয় পেয়েছে ইংল্যান্ড, বাংলাদেশের বিপক্ষে। লীগ পর্বে রোববার ভারতের বিপক্ষে পঞ্চম হারটি দেখেছে ইংলিশরা। লখনৌয়ে ভারতের দেয়া ২৩০ রানের তাড়ায় মাত্র ১২৯ রানে অলআউট হয় জস বাটলারের দল।
হারে ১০০ রানের বড় ব্যবধানে। সেই ম্যাচের পর স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে এউইন মরগান বলেন, ‘এই দলটা খুবই নড়বড়ে। আমার মনে হয়, দলে অন্য কিছু চলছে। নিশ্চিতভাবেই কিছু না কিছু হয়েছে।’
বিশ্বকাপ শুরুর আগে অনেক সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা ইংল্যান্ডের ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে ভারতের বিপক্ষে ৫ম হারের স্বাদ পেয়ে রাউন্ড রবিন লীগ টেবিলের তলানিতে চলে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপের লীগ পর্ব থেকে বিদায় নেয়ার অপেক্ষায় রয়েছে। মরগান বলেন, ‘এই দুর্দশা হবে জানতে পারলে, যারা আসর শুরুর আগে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে কথা বলেছিল, তাদের কথা হেসে ফেলতাম আমি।’
মরগানের মন্তব্যের জবাব দিয়ে ইংলিশ কোচ ম্যাথু মট বলেন, ‘এউইন (মরগান) নিজের মতামত জানিয়েছে শুধু। সে বর্তমানে ভারতে নেই। সে আমাদের ড্রেসিংরুমে আসেনি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নয় সে।’
মট বলেন, ‘আমি নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। আমাদের ভালো একটা সম্পর্ক রয়েছে। সে আসলে দলের ঠিক কোন বাজে অবস্থাটা দেখছে যেটি আমি দেখছি না, তার থেকে সেটা শুনব।’ ম্যাথু মট বলেন, ‘আমি মনে করি এটা (ইংল্যান্ড নড়বড়ে দল)। আমাদের দলে যারা আছেন তারা বলতে পারবেন, এমন বাজে ফলের পরও আমরা কতোটা ঐক্যবদ্ধ। টানা ব্যর্থতার পর যে কেউই যে কোনো মন্তব্য করতে পারে। তবে আমি বলব, আমাদের দলটা অনেক শক্তিশালী।’











































