Home খেলাধুলা বাবরের হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করে দিলেন পিসিবি প্রধান

বাবরের হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করে দিলেন পিসিবি প্রধান

13

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপে ছন্দে নেই পাকিস্তান। দুই জয়ে শুভ সূচনার পর হেরেছে টানা চার ম্যাচে। দলের দুর্দশায় নাকি অধিনায়ক বাবর আজমের ওপর রেগে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। এমনকি বাবরের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছেন পিসিবি প্রধান। এমনই অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ। আরোপিত অভিযোগ মিথ্যা দাবি করেছেন জাকা আশরাফ। নিজের কথার সত্যতা প্রমাণ করতে বাবরের সঙ্গে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করে দিলেন পিসিবি বস।

বাবরকে উপেক্ষা করার অভিযোগ অস্বীকার করলেও সমালোচনা বন্ধ করতে পারছিলেন না জাকা আশরাফ। নিরুপায় হয়ে বাবরের সঙ্গে পাকিস্তানের চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেন তিনি। যেখানে বাবরকে সালমান জিজ্ঞাসা করেছিলেন, তিনি পিসিবি প্রধানকে ফোন করেছিলেন কি না। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে জাকা আশরাফ বলেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি তার (বাবর) ফোন ধরি না।

 

সে তো আমাকে কখনো ফোনই দেয় না। দলের অধিনায়কের ডিরেক্টর ইন্টারন্যাশনাল বা চিফ অপারেটিং অফিসারের সঙ্গে আলোচনা করার কথা।’
বাবর যে জাকা আশরাফকে ফোন করেননি, সেটা প্রমাণ করতে অধিনায়কের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা প্রদর্শন করেন পিসিবি প্রধান। বাবর সেই বার্তা বিনিময় করেছিলেন সালমান নাসেরের সঙ্গে। সেই বাবর ও সালমান নাসেরের কথোপকথন ওই টিভি চ্যানেলটি তাদের স্ক্রিনে দেখিয়েছেও। সেখানে দেখা গেছে, নাসের বাবরকে বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করেছেন, ‘বাবর, এখানে টিভি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে যে তুমি চেয়ারম্যানকে ফোন করেছো, কিন্তু তিনি ফোন ধরছেন না। তুমি কি সমপ্রতি তাকে ফোন করেছিলে?’ উত্তরে বাবর লিখেন, ‘সালাম সালমান ভাই। আমি স্যারকে ফোন করিনি।’
গত শনিবার পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ বলেছিলেন, ‘আমি জানি বাবর ভারত থেকে যখন (পিসিবি প্রধান জাকা) আশরাফকে যখন ফোন করছে, সে ফোন ধরছে না। এমনকি মেসেজেরও জবাব দিচ্ছে না। বাবরের ওপর রেগে রয়েছে আশরাফ।’ ক্রিকেটার এবং বোর্ডের দ্বন্দ্ব চলছে দাবি করে রশিদ লতিফ বলেন, ‘ক্রিকেটাররা এখনো বেতন পায়নি। অধিনায়কের কোনো কথার জবাব দিচ্ছে না চেয়ারম্যান। এই পরিস্থিতিতে দলের কাছে আর কী আশা করবো।’ বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে সই করেছিল বাবর-রিজওয়ানরা। কিন্তু সেই চুক্তি এখনো কার্যকর হয়নি বলে জানান লতিফ। তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই ওরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিতে সই করেছিল। কিন্তু এখন বোর্ডের কয়েকজন আধিকারিক ওদের জানিয়েছে, সেসব চুক্তি খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর নির্ভর করে চুক্তিতে বদল হতে পারে।’