ঝিনাইদ প্রতিনিধি
ঝিনাইদহে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জামেলা ওরফে ওজোলা খাতুন নামে এক গৃহবধূকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামেলা ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবারের দাবি, উত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবেশী তাকে হত্যা করেছে। আর পুলিশ বলছে, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
স্বজনরা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জামেলা ঘর থেকে বের হলে প্রতিবেশী আব্দুল করিম তাকে কু-প্রস্তাব দেন। এতে তিনি বাধা দিলে তার ওপর হামলা চালান ওই প্রতিবেশী। এ সময় জামেলা আব্দুল করিমকে গলায় হাসুয়া দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল করিম জামেলাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। পরে আব্দুল করিমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। পরে স্বজনরা বাড়ির গোসল খানায় ওই গৃহবধূকে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।
তিনি জানান, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শরিফুল ইসলাম ও তার ছেলে সাইদুল ইসলাম মান্নানকে হেফাজতে নেয়া হয়েছে।











































