Home খেলাধুলা প্রোটিয়া পেসারদের তোপে ২২ ওভারেই অলআউট বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

প্রোটিয়া পেসারদের তোপে ২২ ওভারেই অলআউট বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

68

স্পোর্টস ডেস্ক।।

চলমান ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের তুলোধুনা করে প্রোটিয়া ব্যাটাররা। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দেয় আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেয়া পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপে ২২ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২২৯ রানের বিশাল বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাসেন-জেনসেনরা।

৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩৮ রানে ৪টি আর ৮৪ রানে ৭ উইকেট হারানোর পর ইংলিশদের পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ২২ ওভারেই গুটিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এদিন ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকসরা।

 

শেষদিকে দুই পেসার অ্যাটকিনসনের ৩৫ ও মার্ক উডের ৪৩ রান কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে। দক্ষিণ আফ্রিকার গেরাল্ট কোয়েতজি ৩টি, লুঙ্গি এনগিদি আর মার্কো জানসেন নেন দুটি করে উইকেট।

 

এর আগে, শনিবার (২১ অক্টোবর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। রিস টপলের করা ইনিংসের প্রথম বলে চার দিয়ে রানের খাতা খুললেও পরের বলেই জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন কুইন্টন ডি কক। শুরুর সেই চাপ সামাল দেন রেজা হ্যানড্রিক্স ও ফন ডার ডুসেন।

এরপর এইডেন মারক্রামের সঙ্গেও জুটি গড়েন রেজা। সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৮৫ রানে থামেন তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক মারক্রামের ব্যাট থেকে আসে এদিন ৪২ রান। চলতি বছর দুর্দান্ত ফর্মে থাকা ক্লাসেন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন ৬১ বলে। তার আগে ষষ্ঠ উইকেটে মার্কো জেনসেনকে সঙ্গে নিয়ে গড়েন ১৫১ রানের জুটি। ক্লাসেনের মতো ব্যাট হাতে তান্ডব চালান জেনসেনও। ৪২ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিস টপলি। দুটি করে শিকার আদিল রশিদ ও গাস অ্যাটকিনসনের।