খেলা ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখানো নেদারল্যান্ডস বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কার। লক্ষানদের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৭১ রানে পাঁচ উইকেট, ৯১ রানে হারায় ছয় উইকেট। অনেকের ধারণা ছিল চলমান বিশ্বকাপে সবচেয়ে কম রানে অলআউট হতে যাচ্ছে নেদারল্যান্ডস।
সে ধারণা পাল্টে লঙ্কান বোলারদের সামনে সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিক হিমালয় পর্বতের ন্যায় দাঁড়িয়ে যান। ১৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন নেদারল্যান্ডসের এই দুই ব্যাটার। যার ফলে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দেয় ডাচরা।
শনিবার (২১ অক্টোবর) লক্ষ্নৌর ভারত রত্ন শ্রী অটল বিহারী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় তারা। ফিরে যান সিমি সিং। ৪৮ রানে দলটি হারায় দ্বিতীয় উইকেট ডাচরা। ১৬ রান করে সাজঘরে ফেরেন ম্যাক্স ওডড।
এরপর শুরু হয় ছন্দপতেনর। একে একে কলিন আকারম্যান (২৯), ব্যাস ডি লিড (২) ও তেজা নাদামানু সাজঘরে ফিরে যান। অধিনায়ক স্কট এডওয়ার্ড ১৬ রান করে ফিরলে একশ’র আগে ছয় উইকেট হারায় ডাচরা। সেখান থেকে এংগেলব্রেচ্ট ৮২ বলে চারটি চার ও এক ছক্কায় ৭০ রান করেন। ফন বিক ৭৫ বলে এক চার ও ছক্কায় খেলেন ৫৯ রানের ইনিংস।
লঙ্কানদের হয়ে পেসার দিলশান মাসুশঙ্কা ও কাশুন রাজিথা চারটি করে উইকেট নেন। তারা যথাক্রমে ৪৯ ও ৫০ রান খরচ করেন। একটি উইকেট নেন মহেশ থিকশানা।











































