Home খেলাধুলা বিশ্বকাপ খেলার স্বপ্নও দেখেননি সিরাজ

বিশ্বকাপ খেলার স্বপ্নও দেখেননি সিরাজ

60

খেলা ডেস্ক।।

অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯– বয়সভিত্তিক এসব পর্যায় থেকে উঠে আসেন ক্রিকেটাররা। পরিচর্যা করে পরে তাদের প্রস্তুত করা হয় আন্তর্জাতিক পর্যায়ের জন্য। ভারতের পেসার মোহাম্মদ সিরাজের গল্পটা একটু ভিন্ন। তিনি ‘সিরিয়াস ক্রিকেট’ শুরু করেন ২১ বছর বয়সে। তাঁর বাবা ছিলেন অটোরিকশাচালক। ক্রিকেটের নেশা থাকলেও অভাবের সংসারে ক্রিকেটার হতে চাওয়া ছিল বিলাসিতা। ক্রিকেটার হওয়া, দেশের জার্সি পরা, বিশ্বকাপে খেলার স্বপ্নও তাই দেখেননি ডানহাতি এ পেসার।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ১ লাখ ১০ হাজার দর্শক ছাড়ানো স্টেডিয়ামে জয় পেয়েছে ভারত। ওই জয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে ভূমিকা রেখেছেন সিরাজ। ম্যাচ শেষে জানিয়েছেন স্বপ্ন ছাড়িয়ে যাওয়ার গল্প, ‘সত্যি বলতে, আমি কখনোই ভাবিনি বিশ্বকাপে খেলব। আমি খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এখন যেহেতু বিশ্বকাপ খেলছি, এটা আমার জন্য কিছু একটা অর্জনের মঞ্চ।’

২০১৫ সালে ক্রিকেট শুরু করা সিরাজ ২০১৬-১৭ রঞ্জি মৌসুমে দুর্দান্ত বোলিং করেন। পরের মৌসুমেই আইপিএলে জন্মস্থান হায়দরাবাদে জায়গা পান তিনি। সেখানে ভালো করায় ওই বছরই জাতীয় দলে টি২০ অভিষেক হয়। কিন্তু ভালো করতে পারেননি সিরাজ। ২০১৯ সালে একটি ওয়ানডে খেলে বাদ পড়ে যান। টেস্ট দিয়ে ২০২০ সালে নতুন করে ফেরেন পেস-বাউন্সের সঙ্গে বলে দারুণ সুইং করাতে পারা সিরাজ। সংসারে সুখ ফিরতেই ওই বছরই বাবাকে হারিয়ে মানসিক ধাক্কা খান তিনি। দলের সঙ্গে অস্ট্রেলিয়া থাকায় বাবার মুখটাও শেষবার দেখতে পারেননি।

এসব সিরাজকে দিয়েছে মানসিক দৃঢ়তা। এক ম্যাচে খারাপ করলে তাই ভেঙে পড়েন না তিনি। হারানোর যে নেই তেমন কিছু, ‘সবারই মাঝে মধ্যে খারাপ দিন যায়। পারফরম্যান্স নিচে নেমে যায়। একটা খারাপ দিনে কেউ খারাপ পারফরমার হয়ে যায় না। ভালো বোলিং করার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। ওই আত্মবিশ্বাসই সহায়তা করেছে, ফলও পেয়েছি। দলের সবাই ভালো বোলিং করছেন। উইকেট না পেলেও চাপ তৈরি করছেন। এগুলোই দলকে সফলতা এনে দিচ্ছে।’

টানা তিন ম্যাচে বড় জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ভারত। সিরাজ জানিয়েছেন, শুধু ভারত-পাকিস্তান নয়, তাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, ‘এটা বিশ্বকাপ, এখানে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। তিন ম্যাচেই জয় পেয়েছি। দলের পরিবেশ খুব ভালো।’