নড়াইল প্রতিনিধি।।
দেশের প্রথম ছয় লেনের মধুমতী সেতুর এক বছর পূর্ণ হয়েছে। এক বছরে এ সেতু দিয়ে প্রায় ৯ লাখ যান পারাপার হয়েছে। এসব গাড়ি থেকে প্রায় ১২ কোটি টাকার টোল আদায় হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনায় মধুমতী সেতু ২০২২ সালের ১০ অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে শুরু হয় টোল আদায়। স্থানীয়দের ভাষ্য মতে, সেতুটি নড়াইলসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পর্যটন, মৎস্য, কৃষি, ব্যবসাসহ বিভিন্ন খাতে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এসব খাত থেকে বছরে শতকোটি টাকা আয় হতে পারে বলে আশা করছেন স্থানীয়রা। সেতুর প্রভাবে এক বছরে নড়াইল জেলায় পর্যটন খাতে ২০ কোটি টাকার বেশি আয় হয়েছে। প্রতিদিন হাজারো ডাব যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। এ ছাড়া মাছসহ কৃষিপণ্যও যাচ্ছে ব্যাপক হারে।
নড়াইলে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল, বিসিক এবং নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা গড়ে ওঠার সম্ভাবনা বেড়েছে। তবে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের বেনাপোল পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার সড়ক সরু (দুই লেন) ও আঁকাবাঁকা হওয়ায় সড়ক দিয়ে ভারী যান চলাচলে ভোগান্তি হচ্ছে। অধিকাংশ সময় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে সেতুর পুরোপুরি সুফল পেতে হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ছয় লেনের রাস্তা বাস্তবায়ন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মধুমতী সেতুর পূর্ব প্রান্তে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা এবং পশ্চিমে নড়াইলের লোহাগড়া উপজেলা। বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রায় ৯৬০ কোটি টাকা ব্যয়ে ৬৯০ মিটার দৈর্ঘ্য ও ২৭ মিটার প্রস্থের দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করে। সেতু চালুর পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৯ জেলা এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও বাস মধুমতী সেতু পার হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও বাস নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত করছে। এ সড়কে চাপ কমাতে নড়াইলের কালনা থেকে যশোর পর্যন্ত ৫২ কিলোমিটার (নড়াইল অংশে ৪০ কোটি এবং যশোর অংশে ৩০ কোটি টাকা) সড়ক ১৮ ফুটের জায়গায় ২৪ ফুট করা হচ্ছে। নড়াইল অংশের ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। নড়াইল এক্সপ্রেস বাস সার্ভিসের সুপারভাইজার রিপন শেখ জানান, আগে মধুমতী ঘাটে ফেরির জন্য দুই থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হতো। মধুমতী সেতু চালু হওয়ায় এখন সেই ভোগান্তি নেই। নড়াইল থেকে ঢাকার দূরত্ব প্রায় অর্ধেক কমে গেছে। সরাসরি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে বাস সার্ভিস চালু হয়েছে, যা আগে ছিল না। প্রতিদিন নড়াইল থেকে প্রায় ১৫টি কোম্পানির বাস সার্ভিস বিভিন্ন রুটে চলাচল করছে।
নড়াইলের চিত্রা রিসোর্টের স্বত্বাধিকারী আইটি বিশেষজ্ঞ তরিকুল ইসলাম অনিক বলেন, মধুমতী সেতু চালুর পর জেলায় গত এক বছরে প্রায় এক লাখ পর্যটক এসেছে। এ খাত থেকে ২০ কোটি টাকা বাড়তি আয় হয়েছে। মধুমতী সেতুর টোল আদায়ের দায়িত্বে থাকা ইউডিসি-ভান জয়েন্ট ভেঞ্চার কনস্ট্রাকশন ফার্মের প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত চার লেন চালু হলে টোল আদায় বাড়বে। নড়াইল জেলায় বছরে চিংড়িসহ ২১ হাজার ৮০৮ টন মাছ উৎপাদন হয় বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান। তিনি বলেন, জেলায় মাছের চাহিদা ১৬ হাজার ৬৬০ টন। অর্থাৎ ৫ হাজার ১৪৮ টন মাছ উদ্বৃত্ত থাকে, যার অধিকাংশই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত সময়ে সরবরাহ করা হয়। মধুমতী সেতুর ফলে মৎস্য চাষের সঙ্গে যুক্ত সবাই উপযুক্ত দামে মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন।
মধুমতী সেতু ব্যবহার করে নানান কৃষিপণ্য বিভিন্ন জেলায় যাচ্ছে বলে নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায়। তিনি বলেন, প্রতিদিন প্রায় ১৪ হাজার ডাব দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। মৌসুমে প্রায় ১৫ কোটি টাকার শসা-খিরা বিভিন্ন জেলায় যায়। পান, লিচু, বাঁশ, শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্যও ঢাকায় যাচ্ছে। এতে প্রায় শতকোটি টাকা আয় করছেন চাষিসহ ব্যবসায়ীরা। গোপালগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, এক বছরে প্রায় ৯ লাখ যান চলাচল করেছে এবং ১২ কোটি টাকার টোল আদায় হয়েছে। জুলাই থেকে এ সেতুতে টোল আদায়ে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় টোল আদায়ে সময় লাগছে কম। আগামীতে এ টোল আদায় আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, মধুমতী সেতু চালুর পর সড়কে যানবাহনের চাপ বেড়েছে। সড়কটি দুই লেনের হওয়ায় যানজটও হচ্ছে। ভাঙ্গা-নড়াইল-বেনাপোল ১৩০ কিলোমিটার চার লেনে উন্নীতকরণ অতি জরুরি। চার লেনে উন্নীতকরণের বিষয়টি ডিপিপি প্রস্তুত করে একনেকে ওঠার অপেক্ষায় রয়েছে। সড়কটি নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ সেতুর পুরোপুরি সুফল পাবেন।











































