Home জাতীয় বিএনপির কাছে কী জানতে চেয়েছিল ইউএসআইপি

বিএনপির কাছে কী জানতে চেয়েছিল ইউএসআইপি

42

 

ঢাকা অফিস।।

যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পিসের (ইউএসআইপি) একটি প্রতিনিধিদল শুক্রবার রাজধানীর বনানীতে এক হোটেলে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে বিএনপি কোন পথে চলছে এবং নিজেদের নীতি সম্পর্কে প্রতিনিধিদলকে জানিয়েছে।

বিএনপি জানায়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব- এমন নীতিতে পথ চলছে খালেদা জিয়ার দল।

শুক্রবার সন্ধ্যার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে প্রতিনিধি দলটি আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, ‘দল হিসেবে বিএনপির পররাষ্ট্রনীতি কী, চলমান ভূরাজনীতির প্রেক্ষাপটে দলটির অবস্থান এবং কৌশল সম্পর্কে জানতে চেয়েছিল ইউএসআইপির প্রতিনিধি দল।’

শামা ওবায়েদ জানান, তারা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের শাসনামল, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সরকারের সময়ের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেছেন। এখন বিএনপি যে কৌশল নিয়ে চলছে, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে যেভাবে ভাবছে, তা-ও তারা ওই প্রতিনিধি দলকে অবহিত করেছেন। বিশ্ব রাজনীতিতে বিএনপির অবস্থানের বিষয়টি ছাড়াও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা কথা বলেছেন।

বৈঠকের অংশ নেওয়া বিএনপির একটি সূত্র জানিয়েছে, চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও বিএনপির মনোভাব জানতে চেয়েছিল ইউএসআইপির প্রতিনিধি দল।

শামা ওবায়েদ ছাড়াও বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল।