স্পোর্টস ডেস্ক
এরইমধ্যে বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। দুটো ম্যাচেরই ভেন্যু ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়াম। আগামীকাল চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরই মধ্যে বাংলাদেশ দল চেন্নাইয়ে পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের বিমান ভ্রমণের একটি ছবিও নজর কেড়েছে ক্রীড়াপ্রেমীদের। ছবিতে দেখা যায়, চার্টার্ড বিমানে চেন্নাই যাওয়ার পথে দাবা খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। হয়তো দাবার বোর্ডেই বাংলাদেশের দুই স্পিন বোলিং অলরাউন্ডার নিউজিল্যান্ডকে হারানোর পরিকল্পনা কষছেন। যেখানে নিউজিল্যান্ড ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগেই দুর্দান্ত খেলছে। বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতেই জিতে চার পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। +১.৯৫৮ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা।
যেখানে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। এরপর নেদারল্যান্ডসকেও ৯৯ রানে হারিয়েছে ব্ল্যাকক্যাপরা। আর বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ঠিকই তবে মঙ্গলবার ১৩৭ রানে হেরে নেট রানরেটে ধাক্কা খেয়েছে।-০.৬৫৩ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল রয়েছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে।











































