শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রসূতি সুমাইয়া খাতুনের সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ৯ অক্টোবর বলে জানেন পরিবারের সদস্যরা। কিন্তু চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে তারিখ দিলেন ২০২৪ সালের ৫ নভেম্বর।
ঝিনাইদহের শৈলকুপার একটি বেসরকারি হাসপাতাল থেকে সোমবার এমন রিপোর্ট দিয়েছেন চিকিৎসক কাসমিম সুজন। সুমাইয়া খাতুন ঝাউদিয়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।
সাহিদা (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সুজন নিজেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অনারারি চিকিৎসা কর্মকর্তা বলে দাবি করেন। তবে হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, এ নামে কোনো অনারারি চিকিৎসা কর্মকর্তা সেখানে কর্মরত নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে কোনো ধরনের অস্ত্রোপচারে একজন সার্জনের সঙ্গে অ্যানেসথেশিয়া চিকিৎসক থাকা বাধ্যতামূলক। তবে অভিযোগ রয়েছে শৈলকুপার অধিকাংশ বেসরকারি হাসপাতালে সাধারণ চিকিৎসক দিয়েই চলছে সিজারসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচার। এভাবে উপজেলার বেসরকারি হাসপাতালে নিয়ন্ত্রণহীনভাবে সেবা দেওয়া হচ্ছে।
প্রসূতি সুমাইয়ার বাবা আমিরুল ইসলাম জানান, তাঁর মেয়ের সম্ভাব্য সন্তান প্রসবের তারিখ ছিল গত ৯ অক্টোবর থেকে চলতি সপ্তাহের মধ্যে। এ জন্য গত সোমবার উপজেলার কবিরপুরের একটি বেসরকারি হাসপাতালে সুজন নামের একজন চিকিৎসক দিয়ে শেষ আল্ট্রাসনোগ্রাম করান। তিনি সম্ভাব্য তারিখ দেন ২০২৪ সালের ৫ নভেম্বর। একজন চিকিৎসক কাণ্ডজ্ঞানহীন রিপোর্ট দিলে এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে।
এ বিষয়ে চিকিৎসক কাসমিম সুজনের সঙ্গে কথা হলে তিনি নিজেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অনারারি মেডিকেল অফিসার পরিচয় দেন। তিনি বলেন, এটি কোনো বিষয় না। কম্পিউটারে তারিখ লেখার সময় হয়তো ভুল হয়েছে।
তিনি উল্টো অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তারা অফিস চলাকালীন বেসরকারি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করছেন, তা তো কেউ দেখে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, কোনো পরীক্ষার রিপোর্ট সঠিকভাবে পর্যালোচনা না করে স্বাক্ষর করা উচিত না।











































