ঢাকা অফিস
শ্রম আদালতে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষ্য গ্রহণ ঘিরে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এ সময় এজলাস থেকে নেমে যান বিচারক। বুধবার ড. ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘনের মামলায় সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।
এদিন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবীর মধ্যে কিছু সময় আদালত কক্ষে কথাকাটাকাটি হয়। এ সময় বিচারকাজ পরিচালনা না করে এজলাস থেকে নেমে যান বিচারক শেখ মেরিনা সুলতানা। ঘণ্টাখানেক পর আবারও এজলাসে এসে বিচারকাজ পরিচালনা করেন তিনি।
মামলার বাদী ও প্রথম সাক্ষী তারিকুল ইসলামকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী। দ্বিতীয় সাক্ষী হাদিউজ্জামান তাঁর জবানবন্দি দেওয়া শুরু করেন। তাঁর জবানবন্দি শেষ না হওয়ায় ১৮ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন বিচারক। অধিদপ্তরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক আরিফুজ্জামান।











































