তথ্য বিবরণী।।
খুলনা জেলায় আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (বুধবার) বিকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জনানো হয়, দিবসটি উপলক্ষ্যে ঐদিন সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হবে। সকাল নয়টায় সার্কিট হাউজ মাঠে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বড় পর্দায় রাজধানী শহর ঢাকা থেকে দিবসটির কেন্দ্রীয় কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হবে। পরে একই স্থানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে শিশুদের জন্য চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। খুলনার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এ উপলক্ষ্যে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হবে। সরকারি শিশু পরিবারসমূহে ঐদিন দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন ও ধর্মীয় উপাসনালয়সমূহে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা যন্ত্রসংগীত উৎসব আগামীকাল।।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় আগামীকাল ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে খুলনা জেলার এবং ঢাকা থেকে আগত শিল্পীরা যন্ত্রসংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রতিযোগিতা।।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ের সহযোগিতায় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১২ অক্টোবর বিকাল তিনটায় খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে চতুর্থ শ্রেণি এবং খ-বিভাগ: পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। বিষয়: প্রাকৃতিক দুর্যোগ ও বাংলাদেশ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।
চিত্রাংকন প্রতিযোগিতায় শুধু কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীদের সাথে আনতে হবে।











































