মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে রামপাল থানা পুলিশের আয়োজনে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১অক্টোবর) বিকেলে রামপাল থানা অডিটরিয়ামে অফিসার ইনচার্জ এস,এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীন দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই, আমরা ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ নই। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধর্মান্ধ গোষ্ঠী মাথা চাড়া দিতে চাচ্ছে তাই তাদের একসাথে তাদের আমরা প্রতিহত করবো। এছাড়া তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দীপু, রামপাল-মোংলা সার্কেল অফিসার মুশফিকুর রহমান তুষার, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।











































