Home আঞ্চলিক মোংলায় ঘাস কেটে নিতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলার রক্তাক্ত ৪জন

মোংলায় ঘাস কেটে নিতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলার রক্তাক্ত ৪জন

118

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় একটি চিংড়ি ঘেরের জমি থেকে ঘাস (গোখাদ্য) কেটে নিতে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ নেতাসহ চারজন রক্তাক্ত জখম হয়েছেন। মঙ্গলবার (১০অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া স্কুলের স্থানে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে গুরুতর জখমকৃত একজনকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার এ ঘটনায় চারজনকে আসামী করে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন মন্ডল।

 

মোংলা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মনোরঞ্জন মন্ডলের ভাইপো শ্যামল মন্ডলের চিংড়ি ঘেরে প্রতিদিন গরু-ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে যান একই এলাকার অনুপ হালদার। মঙ্গলবার দুপুরে অন্যান্য দিনের মত অনুপ ঘাস কাটতে গেলে তাকে নিষেধ করেন শ্যামল। শ্যামলের নিষেধ না শুনে উল্টো গালিগালাজসহ শাসিয়ে যান অনুপ। পরে এ ঘটনার জের ধরে সন্ধ্যায় হলদিবুনিয়া স্কুলের সামনে পরিকল্পিতভাবে ওৎ পেতে থেকে শ্যামল মন্ডলকে প্রতিপক্ষ অনুপ হালদার, তার স্ত্রী সাথী মৌলিক, বোন সাগরিকা মন্ডলসহ তাদের অপর সহযোগী রেজাউল মুসল্লী লাঠি সোঁটা নিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করেন। এ সময় তার ডাক চিৎকারে শ্যামলের চাচা চিলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মনোরঞ্জন মন্ডল বাঁধা দিতে গেলে তাকেও পিটিয়ে মারাত্মক জখম করা হয়। এ সময় শ্যামলের স্ত্রী বন্দনা মহলদারও আহত হন। পরে গুরুতর আহত শ্যামল মন্ডলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, অভিযোগ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।