স্পোর্টস ডেস্ক।।
আহমেদাবাদে গত ২০ বছরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি। তবে আগামী ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তানের মধ্যে অনুষ্ঠেয় বিশ্বকাপ ম্যাচে এসেছে হামলার হুমকি। তাই সিদ্ধান্ত হয়েছে, নেওয়া হবে কড়া নিরাপত্তাব্যবস্থা।
সোমবার আহমেদাবাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচটি উপলক্ষে গুজরাট পুলিশসহ ১১ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী আহমেদাবাদ এবং নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিয়োজিত থাকবেন।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন, ম্যাচটি উপলক্ষে ১ লাখেরও বেশি দর্শকের চলাচল হবে। ই-মেইলে অজ্ঞাত ব্যক্তির দেওয়া হুমকির বিষয়গুলোকে মাথায় রেখে তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ‘স্টেডিয়ামটিকে নিরাপদ রাখতে এবং ম্যাচ চলাকালে সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ৭ হাজারের বেশি পুলিশ সদস্যসহ আমরা ৪ হাজারের মতো হোম গার্ডদের নিয়োজিত করবো। এরা ছাড়াও আমরা তিনটি ‘হিট দল’ এবং এনএসজির একটি ড্রোন বিরোধী দল মোতায়েন করব। আমাদের বোমা সনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণ স্কোয়াডের নয়টি দলও ব্যবহার করা হবে।’











































