স্পোর্টস ডেস্ক।।
ইসরায়েল বাহিনী ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামছেই না। নতুন নতুন হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।
এমন সহিংসতার কারণে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে। গতকাল উয়েফা জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে।
এর আগে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালিয়ে প্রচুর মানুষকে হতাহত করার পর যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।
ইসরায়েলের ২০২৪ ইউরো বাছাইয়ে আগামীকাল তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে উয়েফা জানিয়েছে, ‘নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর ইউরো বাছাইপর্বে প্রিস্টিনায় ইসরায়েলের ম্যাচ কসোভোর বিপক্ষে। ম্যাচটি নির্ধারিত সূচিতে আয়োজন করা যায় কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আগামী কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।’











































