মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে চাকরি দেওয়ার কথা বলে ২০ যুবকের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কপালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুলফিকার আলীর বিরুদ্ধে।
চাকরি না পেয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে সোমবার জেলা ও উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক জুলফিকার আলী এলাকার ২০ যুবককে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের একজন কপালীয়া গ্রামের কৃষক হাসান আলী গাজীর ছেলে তরিকুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে জুলফিকার তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নেন। কিন্তু চাকরি দেননি।
একই এলাকার আবু সাইদ গাজীর ছেলে শামীম হোসেন জানান, কমিউনিটি ক্লিনিকে চাকরি দেওয়ার কথা বলে জুলফিকার আলী তাঁর কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। তাঁকেও চাকরি দেওয়া হয়নি।
একইভাবে প্রতারণা করে ইয়াছিন মোল্যা, মুস্তাক হোসেন, মাসুদ গাজী, রিয়াদ হোসেন, আবদুল লতিফ গাজী, রবিউল ইসলাম, শিরিনা খাতুনসহ ২০ জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি টাকা ফেরত চাইলে জুলফিকার আলী এলাকার সন্ত্রাসীদের দিয়ে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলেজশিক্ষক সিদ্দিকুর রহমান জানান, অভিযোগ পেয়ে সালিশ বসানো হয়। সেখানে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন জুলফিকার আলী। কিন্তু এখন পর্যন্ত কাউকে টাকা ফেরত দেননি।
এ বিষয়ে সহকারী শিক্ষক জুলফিকার আলী বলেন, তরিকুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছি। বাকিদের কাছ থেকে কোনো টাকা নিইনি। ভুক্তভোগীদের হুমকি দেওয়ার বিষয়টিও অস্বীকার করেন তিনি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল বাশার উমর ফারুক জানান, অভিযোগটি তদন্ত করতে সহকারী শিক্ষা কর্মকর্তা দেবব্রত কুমার রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৪০ লাখ টাকা আত্মসাৎ: জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়কের বিরুদ্ধে দুদকের মামলা
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা প্রশাসনের আওতাধীন সৈয়দপুর ট্রাস্টের ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সাময়িক বরখাস্ত অফিস সহায়ক সোহেল আরমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
জেলা প্রশাসকের কার্যালয় ও দুদক থেকে জানা গেছে, অফিস সহায়ক সোহেল আরমান বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে বিভিন্ন ব্যাংক থেকে ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন। গত সেপ্টেম্বর মাসে বিষয়টি ধরা পড়লে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় জিডি করা হয়। একইসঙ্গে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা দায়েরের জন্য দুদকে চিঠি পাঠানো হয়।
দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, জেলা প্রশাসক কার্যালয় থেকে কমিশনে চিঠি পাঠানোর পর মামলা অনুমোদন করা হয়েছে। আজ মামলাটি নথিভুক্ত করা হয়।
তিনি আরও জানান, আপাতত এ মামলার আসামি একজন। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আসামি করা হবে।











































