Home আঞ্চলিক নড়াইলে এমপি মনোনয়নপ্রত্যাশীর গণসংযোগে হামলা, আহত ৩০

নড়াইলে এমপি মনোনয়নপ্রত্যাশীর গণসংযোগে হামলা, আহত ৩০

35

নড়াইল প্রতিনিধি।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আবদুল্লাহর গণসংযোগে হামলা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেল। এ সময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। বুধবার সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব, কর্মী আকফান মোল্যা ও রাজ কাজী এবং মাইক্রোবাসের চালক শেখ রাসেল ও আবদুল্লাহ। আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দলের এমপি মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহর অভিযোগ, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিকেলে সদর উপজেলার শাহাবাদ ও মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় যান। সাড়ে ৫টার দিকে দুটি মাইক্রোবাস ও ৩০০ মোটরসাইকেল নিয়ে শাহাবাদ এলাকার আলোকদিয়া এলাকায় পৌঁছলে, ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে গাড়িবহরের সামনে দাঁড়ায়। এর পর তাঁকে জিজ্ঞেস করে, ‘কোথায় যাচ্ছেন?’ আবদুল্লাহ কর্মসূচির কথা বললে তারা বলে, ‘এখানে তো একজন এমপি আছেন, আবার তুই এসেছিস কেন?’ এই বলে তাঁকে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করে এবং ঘড়ি ভেঙে ফেলে তারা। এর পর দুটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় ৩০ জন আহত হয়েছেন।

আবদুল্লাহ জানান, দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিষয়টি তিনি পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত এসপিকে জানিয়েছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুকেও জানানো হয়েছে। পরে এই আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা ফোন করে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আপনি (আবদুল্লাহ) প্রচার করবেন এটাই স্বাভাবিক। এর পর প্রচারে এলে আপনাকে সহায়তা করব।’

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল আকাশ নীল বলেন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটা বিএনপি-জামায়াতের এলাকা। আমাদের ধারণা, হামলা তারাই চালিয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, তিনি বিষয়টি জানেন না।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, হামলার ঘটনায় আহতরা মৌখিকভাবে একটি অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।