যশোর অফিস
যশোরের সাতটি নদনদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অপরিকল্পিতভাবে কম উচ্চতার নয়টি সেতু নির্মাণ করছে। সেতু নির্মাণের আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক হলেও তা নেওয়া হয়নি। কম উচ্চতার এসব সেতু নির্মাণ বন্ধে পাঁচ মাস আগে চিঠি দিলেও এলজিইডি আমলে নেয়নি। শনিবার বিআইডব্লিউটিএ প্রতিনিধিদল সেতু নির্মাণকাজ পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছে।
জানা যায়, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ডব্লিউবিবিআইপি) আওতায় এলজিইডি নয়টি সেতু নির্মাণ করছে। মনিরামপুর উপজেলার টেকারঘাট এলাকায় টেকা নদীর ওপর পুরোনো সেতু ভেঙে একই জায়গায় নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। এ সেতুর উচ্চতা খুবই কম। একই উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে মুক্তেশ্বরী নদীর দেড় কিলোমিটারের মধ্যে কম উচ্চতার দুটি সেতু নির্মাণের কাজ চলছে। এর মধ্যে সুবলকাঠি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। এখন সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। হাজরাইল সেতুর কাজ চলমান। দুটি সেতু নির্মাণে মুক্তেশ্বরী নদীতে আড়াআড়িভাবে মাটির বাঁধ দেওয়া হয়েছে। একই উপজেলার নেহালপুর এলাকায় শ্রী নদীর ওপর সেতু নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। মনিরামপুর ও চিনাটোলা এলাকায় হরিহর নদের ওপর পুরোনো সেতু ভেঙে কম উচ্চতায় দুটি সেতু নির্মাণ করা হচ্ছে। যশোর সদর উপজেলার দাইতলা এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলায় ভৈরব নদের ওপর নির্মিত পুরোনো দুটি সেতু ভেঙে সেখানে কম উচ্চতার দুটি সেতু নির্মাণ করা হচ্ছে। বাঘারপাড়া উপজেলার খাজুরা ও সীমাখালীতে চিত্রা নদীর ওপর কম উচ্চতার একটি সেতু নির্মাণকাজ চলছে। শার্শা উপজেলায় বেতনা নদীর এক কিলোমিটারের দূরত্বের মধ্যে কাজীরবেড়-ইসলামপুর মোড়ে ও শেয়ালঘোনা গাতিপাড়া ও নিশ্চিন্তপুর গ্রামের সংযোগস্থলে কম উচ্চতার দুটি সেতু নির্মাণ করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ-এর নিয়ম অনুযায়ী সেতুর উচ্চতা হওয়ার কথা পানির স্তর থেকে গার্ডারের নিচ পর্যন্ত ১৬ ফুট, কোনোটির ২৫ ফুট। যশোরে নির্মাণাধীন নয়টি সেতুর উচ্চতা ৪ দশমিক ৫৯ ফুট থেকে ১১ দশমিক ৫০ ফুট। বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে এসব সেতুর উচ্চতা নিয়ে আপত্তি জানানো হয়েছে। কিন্তু এলজিইডি তা আমলে নেয় হয়নি।
শনিবার নির্মাণাধীন সেতুগুলো পরিদর্শনে গিয়ে বিআইডব্লিউটিএ-এর খুলনার নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্মপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশ্রাফ উদ্দীন জানান, নদীর ওপর সেতু নির্মাণের ক্ষেত্রে নেভিগেশন ক্লিয়ারেন্স নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু যশোরে সাত নদীর ওপর নয়টি সেতু নির্মাণের ক্ষেত্রে নেভিগেশন ক্লিয়ারেন্স নেওয়া হয়নি। সেতুর উচ্চতা কম হওয়ায় নদীতে ছোট ও মাঝারি আকারের নৌযান চলাচল বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, এর আগে এলজিইডিকে দুটি চিঠি দিয়েছিলাম। আপত্তি জানানোর পরও তারা আমলে নেয়নি। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এলজিইডিকে অনুরোধ করব আমাদের কাছ থেকে ক্লিয়ারেন্স বা অনুমতি নিয়ে সেতু নির্মাণ বা নকশা প্রণয়ন করতে।
ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, নদী প্রবহমান করতে নদী সংস্কার করা হচ্ছে। কিন্তু অপরিকল্পিত সেতু নদীর প্রবহমান করার ক্ষেত্রে অন্যতম বাধা। আমরা অপরিকল্পিত সেতু নির্মাণের বিরোধিতা করছি। এ অনিয়মের বিরুদ্ধে আমরা দ্রুত আন্দোলন শুরু করব। তিনি জানান, জেলা সমন্বয় কমিটির সর্বশেষ বৈঠকে নদনদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে এলজিইডি, সড়ক ও জনপথ (সওজ) এবং পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) প্রজ্ঞাপন অনুযায়ী মানদণ্ড মেনে সেতু নির্মাণে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে এলজিইডি যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিআইডব্লিউটিএ-এর ছাড়পত্র নিয়ে কাজ করা হয়নি-এটা ঠিক। তবে সেতুগুলো উচ্চতা মেনেই নির্মাণ করা হচ্ছে।











































