ইয়াসিন আহমেদ জীবু।।
দক্ষিনাঞ্চলের ক্যান্সার রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে এবছর জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল খুলনার ১’শ শয্যার ক্যান্সার কেন্দ্রের। কিন্তু মেয়াদ শেষে প্রায় আড়াই লাখ বর্গফুট ভবনের কাজের অগ্রগতি মাত্র ২১ ভাগ। ফলে ক্যান্সার চিকিৎসার জন্য স্থাপন হয়নি লিনিয়র এক্সেলেটর, সিটি সিমুলেটর, ব্রাকিথেরাপি ও কেমো থেরাপি মেশিন।
ক্যান্সারের পূর্ণাঙ্গ কোনো চিকিৎসা কেন্দ্র নেই খুলনা বিভাগের কোথাও। তাই এ অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য ছুটতে হয় ঢাকা কিংবা কলকাতায়। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে ক্যান্সারের রোগীদের কেমোথেরাপি দেওয়া হয়। যেখানে বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন যৎসামান্য চিকিৎসার আশায়।
ক্যান্সার রোগীদের পূর্নাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০২১ সালে খুলনায় ১’শ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। যার কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনের মধ্যে। কিন্তু মেয়াদ শেষে ভবনের অগ্রগতি হয়েছে নাম মাত্র। ১৭ তলা বিল্ডিং এর কাজে সবে মাত্র ২ টি বেজমেন্টের কাজ সম্পন্ন হয়েছে। ফলে স্থাপিত হয়নি চিকিৎসার যন্ত্রপাতি। চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপী বিভাগের সহকারী অধ্যাপক ডা: মোঃ মুকিতুল হুদা বলেন, খুলনা বিভাগের সকল জেলা থেকেই প্রতিদিন অসংখ্য ক্যান্সার আসে। তবে দুঃখজনক যে আমরা তাদের সকল প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে পারি না। খুব দ্রুতই ক্যান্সার চিকিৎসার পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র চালু করা প্রয়োজন। রোগীদের যে ভোগান্তি হচ্ছে তা আসলে বলে বোঝানো সম্ভব না। যতদ্রুত সম্ভব লিনিয়র এক্সেলেটর, সিটি সিমুলেটর, ব্রাকিথেরাপি ও কেমো থেরাপি মেশিন চালু করা প্রয়োজন। নইলে রোগীদের দূর-দূরান্তে ছুটতে হবে।
নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ-১, অমিত কুমার বিশ্বাস বলেন, প্রকল্পের শুরুতে কিছু জটিলতা ছিল যা কেটে গেছে এবং বর্তমানে প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে৷ প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠিয়েছে গণপূর্ত বিভাগ৷ আশা করা যাচ্ছে ২০২৪ সালের মধ্যে নতুন ক্যান্সার কেন্দ্র চালু করা সম্ভব হবে।
নাম ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হলেও নির্মানাধীন ভবনটিতে থাকবে কিডনি ও হৃদরোগ বিভাগও। সেখানে থাকবে কিডনি ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অপারেশন থিয়েটার ও আইসিইউ। আর হৃদ রোগীদের জন্য সিসিইউ, আইসিইউ, কার্ডিয়াক অপারেশন থিয়েটার ও ক্যাথ ল্যাব। তাই এই গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ রোগী ও চিকিৎসকদের।











































