ঢাকা অফিস।।
কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে একযোগে বদলি করা হয়েছে। এছাড়াও বদলি করা হয়েছে দু’জন যুগ্ম কমিশনারকেও।
এসব কর্মকর্তাকে এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানা সই করা পৃথক তিনটি আদেশে বদলি করা হয়। এর মধ্যে গত রোববার ২টি প্রজ্ঞাপণ জারি করা হয়। আর সোমবার জারি করা হয় একটি প্রজ্ঞাপণ।
২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। বদলি হওয়া দুই যুগ্ম কমিশনারের মধ্যে আব্দুর রশিদ মিয়াকে বেনাপোল থেকে ঢাকায় এবং মাহবুব হাসানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
বদলির আদেশে এই কর্মকর্তাদের ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বলেন, ‘দেশের রাজস্ব খাতে গতি আনতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।’











































