খবর বিজ্ঞপ্তি।।
নগরীর জাহান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গুর ভয়াবহতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে, পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। বাড়ীর আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। যেসব স্থানে মশার বংশ বিস্তার করে সেসব স্থান পরিষ্কার রাখতে হবে। ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে; মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে, এমন পোশাক পরিধান করতে হবে।
তিনি আরো বলেন, ঘরে ও আশেপাশের যেকোনো পাত্রে বা জায়গায় মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে। পানি যাতে না জমে সেজন্য অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে অথবা উল্টে রাখতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু আক্রান্ত হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে তিনি শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান টিটু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও স্কুল কমিটির সদস্য জাকিয়ার রহমান ওমান, সদস্য আনিছুর রহমান, নগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম শাওন, যুবলীগ নেতা মো. আমিরুল ইসলাম বাবু, রনি শিকদারসহ প্রমুখ।











































