Home খেলাধুলা আত্মসমর্পণ করার পর গ্রেপ্তার সাবেক লংকান ক্রিকেটার

আত্মসমর্পণ করার পর গ্রেপ্তার সাবেক লংকান ক্রিকেটার

17

স্পোর্টস ডেস্ক।।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শ্রীলংকার সাবেক ক্রিকেটার সচিত্র সেনানায়েকেকে। আজ বুধবার সকালে আত্মসমর্পণ করার পর তাকে গ্রেপ্তার করে দেশটির ক্রীড়া দুর্নীতি তদন্ত ইউনিট। তিন সপ্তাহ আগে আদালত তার বিদেশ ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল।

এই স্পিনারের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২০ সালের লংকা প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ গড়াপেটা করার চেষ্টার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ৩৮ বছরের সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ, দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

শ্রীলংকার পুলিশ লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। আদালতে চার্জশিট জমা দেওয়ার পর শুরু হয় শুনানি পর্ব। সেই মামলায় কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট সোমবার সেনানায়েকের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। বিচারক শ্রীলংকার অভিবাসন দপ্তরকে নির্দেশ দিয়েছেন, সেনানায়েক যাতে কোনো ভাবেই দেশ ছাড়তে না পারেন, তা নিশ্চিত করতে হবে। আগামী তিন মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিচারক।

 

এদিকে আদালতের পাশাপাশি, সেনানায়েকের বিরুদ্ধে পদক্ষেপ করে শ্রীলংকার ক্রীড়া মন্ত্রণালয়ও। সাবেক অফ স্পিনারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয় অ্যাটর্নি জেনারেলের দফতরকে। অপরাধ প্রমাণ হলে সেনানায়েকের কড়া শাস্তি হতে পারে শ্রীলংকার আইন অনুযায়ী।

ডানহাতি স্পিনার সেনানায়েকে শ্রীলংকার জার্সিতে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে একটি টেস্ট, ৪৯টি এক দিনের ম্যাচ এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭৮টি উইকেট রয়েছে। গত বছর ক্রিকেট থেকে অবসর নেন তিনি।