Home আন্তর্জাতিক ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাত, ২২ জনের প্রাণহানি

ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাত, ২২ জনের প্রাণহানি

19

আন্তর্জাতিক ডেস্ক।।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেড় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির বেশ কয়েকটি শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

গতকাল মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুলের গভর্নর এদুয়ার্দো লেইতে জানিয়েছেন, রাজ্যের অন্তত ৬০টি শহর এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণে শহরগুলোতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। পরে বন্যার পানি নেমে গেলে বিভিন্ন শহর থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পাসো ফান্ডো শহরের বাসিন্দা লুয়ানা দা লুজ বলেন, ‘সকাল থেকে আমাদের ঘরবাড়ি প্লাবিত হতে থাকে। এরপর ঘরের উঁচু স্থানে আসবাবপত্র রাখি। কিন্তু তাতেও কাজ হয়নি।’

 

এদিকে সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনায় দেড় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীর সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, রিও গ্র্যান্ডে ডো সুলে ২১ জন ও পাশের রাজ্য সান্তা ক্যাটারিনায় একজনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক সময়ে ব্রাজিল নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। মঙ্গলবারের ঘূর্ণিঝড় তার সর্বশেষ ঘটনা। এর আগে, চলতি বছরের জুন মাসেই সংঘটিত আরেকটি ঘূর্ণিঝড়ে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল।