Home খেলাধুলা প্রেমিকা নির্যাতনের অভিযোগে ব্রাজিল দল থেকে বাদ অ্যান্টনি

প্রেমিকা নির্যাতনের অভিযোগে ব্রাজিল দল থেকে বাদ অ্যান্টনি

18

স্পোর্টস ডেস্ক।।
সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ ওঠায় উইঙ্গার অ্যান্টনিকে দল থেকে বাদ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচে থাকছেন না তিনি। সিবিএফ জানায়, অ্যান্টনির বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। অ্যান্টনির জায়গায় দলে নেওয়া হয়েছে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। গত সোমবার আন্তনির সাবেক প্রেমিকার অভিযোগের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল। সেখানেই মূলত অ্যান্টনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন গ্যাব্রিয়েলা কাভালিন নামের ওই নারী। এরপর সাও পাওলো এবং গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। আন্তনির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত ১৫ই জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে তিনি তার সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিনকে নির্যাতন করেন। সে সময় মাথা দিয়ে গ্যাব্রিয়েলাকে আঘাত করেন আন্তনি। তখন মাথা কেটে যাওয়ায় চিকিৎসাও নিতে হয় তাকে।

শুধু এটুকু নয় গ্যাব্রিয়েলার তার বুকে আঘাত করার অভিযোগও করেছেন।
যে আঘাতে তার কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে এ কারণে তাকে আবার অস্ত্রোপচারও করতে হয়। যদিও নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন আন্তনি। এক বিবৃতিতে ২৩ বছর বয়সী এই উইঙ্গার বলেছেন, ‘আমি শান্তভাবে বলতে চাই, অভিযোগগুলো মিথ্যা। প্রমাণগুলো এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আরও কিছু প্রমাণ তৈরি করা হচ্ছে, যা দেখাবে যে আমি নির্দোষ। আমার বিশ্বাস, চলমান পুলিশি তদন্ত আমার নির্দোষ হওয়ার সত্যতাকে সামনে আনবে।’ তবে সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক অশান্ত হয়ে ওঠার বিষয়টি স্বীকার করেছেন আন্তনি। কিন্তু তাকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করেননি বলে দাবি করেন তিনি। এর আগে গত জুনে একটি বিবৃতিতে, একই প্রেমিকা তার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মিথ্যা অভিযোগ এনেছেন বলে জানিয়েছিলেন আন্তনি। এ বিষয়ে ইংলিশ সংবাদমাধ্যেম বিবিসি অ্যান্টনির ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল ইউনাইটেড। পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২১ বছর বয়সী এই ইংলিশ ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করে তারা।