স্পোর্টস ডেস্ক।।
আফগানিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তরুণ বয়স থেকেই বন্ধু মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। এই দুজনের সেঞ্চুরিতেই আফগানদের সামনে পাহাড়সম লক্ষ্য দেয় বাংলাদেশ। পরে বড় ব্যবধানে সেই ম্যাচ জিতে উঠে যায় সুপার ফোরেও।
তবে সুপার ফোর শুরু হওয়ার আগেই দুঃসংবাদ পায় বাংলাদেশ দল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসর থেকেই ছিটকে যান শান্ত। বন্ধু ও সতীর্থ শান্তর হঠাৎ এমন ইনজুরিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন মিরাজ।
তিনি লিখেন, ‘বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল; আমার প্রিয় বন্ধু শান্তর সঙ্গে একই মাঠে খেলা অসাধারণ এক যাত্রা। অনেক স্মরণীয় মুহূর্ত একসাথে কেটেছে এবং অনেক কিছু সামনে আসবে, ইনশাআল্লাহ। দ্রুত সুস্থ হয়ে ওঠো এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসো, ভাই।’
শান্তর ইনজুরির বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান আজ বলেছেন, ‘শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল। পরে ফিল্ডিংও করতে পারেনি। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি। যার পরিপ্রেক্ষিতে এশিয়া কাপে তার খেলা হচ্ছে না। দেশে ফিরে পুনর্বাসন ও বিশ্বকাপ প্রস্ততি শুরু করবেন তিনি।’
বাঁহাতি ব্যাটার শান্ত এবারের আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন। যেখানে শ্রীলংকার বিপক্ষে ১২২ বলে ৮৯ রান এবং আফগানিস্তানের বিপক্ষে ১০৫ বল খেলে ১০৪ রান করেন তিনি। শান্ত ছিটকে পড়ায় দলে যুক্ত হয়েছেন লিটন দাস। সোমবার রাতে পাকিস্তানে উড়ে গেছেন জ্বর থেকে সেরে ওঠা এই ক্রিকেটার। টুর্নামেন্টে ইতিমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। যেখানে ৬ সেপ্টেম্বর লাহোরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এই পর্বের বাকি দুই ম্যাচ ৯ ও ১৫ সেপ্টেম্বর।











































